আনিষা চৌধুরী, কলকাতা: বীরভূমের (Birbhum) পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই অবস্থায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষে তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় আদালত।
দেশ ছেড়ে পালিয়েছিলেন অভিযুক্ত
মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) জানান, গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালতে টুলু মণ্ডলকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখনও সেখানে হাজির হননি। রাজ্যের দাবি, ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড’-এর তথ্য অনুযায়ী, গত ২৩ মে টুলু দেশ ছেড়ে চলে গিয়েছেন। এরপর থেকেই তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে আদালতে জানানো হয়। রাজ্যের তরফে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে এমন সব অভিযোগ রয়েছে, যেখানে জামিন পাওয়া সহজ নয়।
রাজ্যের পক্ষ থেকে আদালতে রক্ষাকবচের তীব্র বিরোধিতা করা হয়। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, তাঁকে রক্ষাকবচ দেওয়া হলে ফের একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিন আদালতে একটি রিপোর্টও মুখবন্ধ খামে জমা দেয় রাজ্য। রাজ্যের আইনজীবী বলেন, ওই রিপোর্ট দেখলেই বোঝা যাবে কেন টুলুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগের গুরুত্ব তিনি অস্বীকার করছেন না, তবে এই পর্যায়েই মামলার মূল বিষয়ে যাচ্ছেন না।
আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা জমিয়েই প্রথম দুর্গাপুজো, মালদহে নতুন চমক মহিলাদের
অন্যদিকে, টুলুর আইনজীবী সিদ্ধার্থ দাভে প্রশ্ন তোলেন, কীভাবে তাঁকে পলাতক ব্যক্তির তকমা দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, টুলু ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হতে প্রস্তুত, তবে তার আগে তাঁকে রক্ষাকবচ দিতে হবে। শুনানির সময় আদালতে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও উঠে আসে। আদালত জানায়, কোনও ব্যক্তি দেশের বাইরে চলে গিয়েছেন বলে সন্দেহ থাকলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যেতে পারে।