বিজেপির সাথে হয়ে গেল বড় খেলা! শূন্য ভোট পেয়ে হাতছাড়া পুরসভা

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজস্থানের (Rajasthan) রাজনীতিতে চমক। জয়পুর থেকে আনুমানিক ২৫০ কিলোমিটার দূরে নাগৌর জেলার মুন্ডোয়া পুরসভায় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও এবার ভরাডুবি বিজেপির। দলের সমস্ত কাউন্সিলর ক্রস ভোটিং করায় পুরসভার চেয়ারম্যান নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থীর ঝুলিতে পড়ল না একটিও ভোট। আবার অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে কংগ্রেস এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির জোট।

রাজস্থানে ভরাডুবি বিজেপির

সোমবার মুন্ডোয়া পুরসভার চেয়ারম্যান পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ২৫ আসনের এই পুরসভায় বিজেপি সর্বাধিক ১০টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠনের প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছিল। এছাড়া হনুমান বেনিওয়ালের দল আরএলপি ৭টি, কংগ্রেস ৩টি এবং ৫টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছিলেন। তবে চেয়ারম্যান নির্বাচনে আরএলপি এবং কংগ্রেস একসঙ্গে জোট বাঁধে। আর সেই জোটের প্রার্থী হিসেবে আরএলপি-র অলকা দেবী কন্ডোই ১৩টি ভোট পেয়েই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে নির্দল প্রার্থী ঘনশ্যাম সদাবত ১২টি ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে বিজেপির দলীয় প্রার্থী গীতা দেবী খাতা খুলতেই ব্যর্থ হন। তাঁর ঝুলিতে পড়েনি একটিও ভোট।

এই নির্বাচনের ফলাফলে বিজেপির হতাশাজনক পারফরম্যান্স যে নতুন করে দলীয় কর্মীদের ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি জানলে অবাক হবেন, নির্বাচনে কড়া টক্কর দেওয়া নির্দল প্রার্থী ঘনশ্যাম সদাবত আসলে বিজেপিরই একজন বিদ্রোহী নেতা। তিনি দলের গুরুত্বপূর্ণ নেত্রী ড. জ্যোতি মির্ধার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগেও তিনি কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে এবার দল থেকে টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়, মাতৃহারা হলেন অভিনেত্রী রানী মুখার্জী

রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, কংগ্রেস এবং আরএলপি জোট প্রার্থী অলকা দেবীর নিজস্ব ১০টি ভোট নিশ্চিত হলেও তিনি পেয়েছিলেন ১৩টি ভোট। অর্থাৎ নির্দল বা বিজেপির কাউন্সিলরদের ক্রস-ভোটিংয়ে তাঁর পক্ষে চলে যায় অতিরিক্ত ৩টি ভোট। অন্যদিকে বিজেপির বাকি কাউন্সিলররা দলের প্রার্থী গীতা দেবীকে ভোট না দিয়ে বিদ্রোহী নেতা ঘনশ্যামকেই সমর্থন করেছেন, যে কারণে বৃহত্তম দল হয়েও একেবারে শূন্য হাতে ফিরতে হল ভারতীয় জনতা পার্টিকে।

Leave a Comment