সন্ধের মধ্যেই ল্যান্ডফল করবে গভীর নিম্নচাপ, কোথায়? সময় জানাল আবহাওয়া দফতর

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই গভীর নিম্নচাপের (Deep Depression) ল্যান্ডফল শুরু হয়ে যাবে। কখন হবে সে সম্পর্কেও জানা গিয়েছে। এর ফলে বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে বাংলায় প্রবল ঝড় বৃষ্টির (Rainfall Alert) মাত্রা বাড়তে চলেছে বলে খবর। নিম্নচাপের প্রভাবে বুধবার ভোর থেকেই দিকে দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনও অবধি আকাশ কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে যে কোনও মুহূর্তে ঝেঁপে বৃষ্টি নামল বলে।

কখন ল্যান্ডফল করবে গভীর নিম্নচাপ?

বিভিন্ন আবহাওয়া অফিস সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপ আজ বিকেল ৩টে থেকে সন্ধের ৬টার মধ্যে উত্তর অন্ধ্রে শ্রীকাকুলামের সামান্য উত্তর দিয়ে ল্যান্ডফল করবে। আবহাওয়া দফতরের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, আজ গভীর নিম্নচাপটি অন্ধ্র-ওড়িশা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে। ‘গভীর নিম্নচাপ’ রূপেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি, বিশেষ করে কলিঙ্গপত্তনমের খুব কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ – দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর গতি বদল করে উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা! দিঘায় উত্তাল সমুদ্র, পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করল প্রশাসন

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। নিম্নচাপের প্রভাবে দিনের অধিকাংশ সময় মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না। এমনিতেই টানা কয়েকদিনের বৃষ্টি ও আবহাওয়া বদলের জেরে বাংলার তাপমাত্রা নিম্নমুখী। গুমোট ও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর।

একাধিক জেলায় সতর্কতা জারি

নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হুগলি জেলায়। উল্লেখিত জেলাগুলির বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আর এই এক নাগাড়ে বৃষ্টির কারণে ধস, পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।

Leave a Comment