সৌভিক মুখার্জী, কলকাতা: মেঘালয়ে (Meghalaya) শক্তি বাড়াল গেরুয়া শিবির। একযোগে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগদান করলেন বিরোধী শিবির ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির ৮ জন বর্তমান বিধায়ক। এমনকি এর আগে দলের প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ নেতা ড. জেমিনো মথোহ তাঁর সমর্থকদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তার পরপরই অন্যান্য বিধায়করা বিজেপিতে যোগদান করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়। আর সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। ফলে রাজ্যের রাজনীতির সমীকরণ বদলে এবার দ্বিতীয় শক্তিশালী দল হিসাবে উঠে এল পদ্ম।
বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ১০
বর্তমানে মেঘালয় বিধানসভায় সদস্য সংখ্যা ৬০। তবে ইউডিপির ৮ জন বিধায়ক শিবির বদলানোয় বিজেপি বিধায়কের সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। অন্যদিকে এর ফলে বিজেপি রাজ্যের শাসক দল ন্যাশনাল পিপলস পার্টির পর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এদিন সম্বিত পাত্র এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে দিল্লিতে এই ৮ জন বিধায়ক গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তবে এতে রাজ্যে বিজেপির শক্তি যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে ইউডিপির প্রাক্তন সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি জেমিনো মথো শিলং-এ বিজেপির রাজ্য সদর দপ্তরে উপস্থিত থেকে শিবির পরিবর্তন করেন। তিনি গত মে মাসে ইউডিপি থেকে পদত্যাগ করেন। তাঁর কথায়, “বিজেপির মানবতাবাদ এবং ইতিবাচক ধর্মনিরপেক্ষতার নীতিতে মুগ্ধ হয়েই তিনি শিবির বদলেছেন।” যদিও ইউডিপির ১২ জন বিধায়কের মধ্যে ৮ জনের ওই দল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চালাচ্ছিলেন বলে খবর। তবে দলত্যাগ বিরোধী আইন এড়ানোর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। সেই কারণেই একসঙ্গে ৮ জন বিধায়ক এই সিদ্ধান্ত নেন।
Delhi: Eight United Democratic Party (UDP) MLAs from Meghalaya join the BJP at the BJP headquarters. Union Minister Kiren Rijiju, BJP MP Sambit Patra, Meghalaya BJP president and state in-charge Anil Antony are present. The joining makes the BJP the second-largest party in the… pic.twitter.com/1gMZKw2XR8
— IANS (@ians_india) September 23, 2026
আরও পড়ুন: সুদসহ ৬% মেটানোর নির্দেশ, মমতা সরকারের সিদ্ধান্ত বাতিল হাইকোর্টে
এ বিষয়ে বিদ্রোহী বিধায়করা স্পষ্ট জানিয়েছেন যে, তাঁরা রাজ্যের স্বার্থ মাথায় রেখেই বিজেপির সঙ্গে আলোচনা করেছেন। তাঁদের প্রধান দাবিগুলি হল—সংবিধানের অষ্টম তফসিলে খাসি ভাষার অন্তর্ভুক্তি, রাজ্যে কয়লা খনির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবৈধ অভিবাসন রোধে মেঘালয়ের বাসিন্দা সুরক্ষা এবং নিরাপত্তা আইন বাস্তবায়ন করা। জানিয়ে রাখি, বর্তমানে রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি-র ৩৩ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে ইউডিপির ছিল ১২ জন বিধায়ক এবং বিজেপির ছিল ২ জন। তবে ৮ জন বিধায়ক দল পরিবর্তন করায় এবার ইউডিপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪ এবং বিজেপি দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে।