৭২ ঘণ্টাতেই ইংল্যান্ডের আধিপত্য শেষ করে T20-র শীর্ষাসনে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই পরাস্ত করে বড় জয় পেয়েছিল ইংল্যান্ড। আর সেই সাফল্যের পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি ক্রমতালিকায় ভারতকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিল ইংলিশরা। টিম ইন্ডিয়া (Team India) নেমে এসেছিল দুই নম্বরে। আর সেই ঘটনার ঠিক 72 ঘণ্টার মধ্যেই এশিয়ান গেমসে জাপানকে হারিয়ে ইংল্যান্ডের আধিপত্যের অবসান ঘটাল ভারত (India T20 Rankings)। ফের দখল করল শীর্ষস্থান।

72 ঘণ্টার মধ্যেই শীর্ষস্থান ফিরিয়ে নিল ভারত

মঙ্গলবার, এশিয়ান গেমসের ঐতিহাসিক ম্যাচে জাপানের মুখোমুখি হয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে ইনিংস শুরু হতেই ক্রমাগত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 32 রান তুলতে পেরেছিল ভারত। পরবর্তীতে 33 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 30 রানেই শেষ হয়ে যায় জাপানের ইনিংস। তাতেই 2 রানে জয় লাভ করে ভারত। আর এই সাফল্যের পরই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফের এক নম্বরে চলে গিয়েছে টিম ইন্ডিয়া।

বলাই বাহুল্য, এদিন জাপানের সামনে একেবারে পরাজয়ের মুখ থেকে ফিরে এসেছে ভারতীয় দল। শুধুমাত্র বোলারদের দাপটেই মান রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফের নিজেদের শীর্ষস্থান ফিরিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড নেমে গিয়েছে দুই নম্বরে। যদিও এই মুহূর্তে তালিকায় ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই রেটিং 269। কিন্তু তা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের রাজত্বের অবসান ঘটানোয় নতুন করে প্রশংসিত হচ্ছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: এমন একজন বাঙালি মোহনবাগানী ফুটবলার যাঁকে ভালবাসে ইস্টবেঙ্গল সমর্থকরাও, চেনেন?

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম স্থান ফিরে পেলেও গতকাল জাপানের সামনে ভারতীয় দলের প্লেয়ারদের ব্যাটিং চিন্তা বাড়িয়েছে ম্যানেজমেন্টের। এদিন প্রতিপক্ষ দলটির অনভিজ্ঞ এক বোলারের সামনে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক শর্মা। সামান্য রান করেই উইকেট দিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। একই অবস্থা হয় ইশান কিষাণ, সঞ্জু স্যামসনের। এক কথায় বলাই যায়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের নামকরা ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়েছিল জাপানের ম্যাচে।

Leave a Comment