অনন্যা সরকার, কলকাতা: অর্থের অভাবে পড়াশোনার খরচ চালাতে পারছেন না, এমন মেধাবী শিক্ষার্থীদের কথা ভেবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। এর জন্য শুরু হয়ে গেছে আবেদনের প্রক্রিয়াও। তবে এলআইসি-এর এই ‘গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম ২০২৬’ (LIC Golden Jubilee Scholarship Scheme 2026) সবার জন্য নয়, শুধুমাত্র যেসব পড়ুয়ারা নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারবেন, তাদেরকেই সাহায্য করবে এলআইসি।
এলআইসি-এর স্কলারশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া চালু হল
আর্থিক সীমাবদ্ধতার কারণে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পথে যেন বাধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে এলআইসি ইতিমধ্যেই তাদের ‘গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম ২০২৬’-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই প্রকল্পের আওতায়, নির্বাচিত পড়ুয়ারা তাদের কোর্সের ওপর ভিত্তি করে বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম ২০২৬-এর যোগ্যতা ও পারিবারিক আয়
গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিমের অধীনে দু’ধরনের স্কলারশিপ দেওয়া হবে। জেনারেল স্কলারশিপ ও স্পেশাল স্কলারশিপ। জেনারেল স্কলারশিপের ক্ষেত্রে আবেদনের যোগ্য হবেন সেইসব শিক্ষার্থীরা, যারা ২০২৩-২৪, ২০২৪-২৫ বা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কোনও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত কোর্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: নবদ্বীপে সম্পত্তি লিখিয়ে অসুস্থ বাবা-মাকে তাড়াল পুলিশকর্মী ছেলে! রাস্তায় অসহায় দম্পতি
আর যেসমস্ত শিক্ষার্থীরা ২০২৩-২৪, ২০২৪-২৫ বা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশ শ্রেণি, ভোকেশনাল, ডিপ্লোমা, ইন্টারমিডিয়েট বা আইটিআই (ITI) কোর্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, তারা এই স্পেশাল স্কলারশিপের জন্য যোগ্য হবে। তবে দুই ক্ষেত্রেই, আবেদনকারীর পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার কম হতে হবে। উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পরিমাণ, তারা কোন কোর্স করছেন তার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম ২০২৬-এ আর্থিক সহায়তার পরিমাণ
- যদি কোনো শিক্ষার্থী মেডিকেল কোর্সে ভর্তি হয়, তাহলে তাকে বছরে ৫০,০০০ টাকা দুটি কিস্তিতে প্রদান করা হবে।
- ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা বছরে দুটি কিস্তিতে ৪০,০০০ টাকা পাবে।
- সাধারণ স্নাতক, ইন্টিগ্রেটেড, ডিপ্লোমা, ভোকেশনাল এবং আইটিআই কোর্সের পড়ুয়াদের বার্ষিক এককালীন ২০,০০০ টাকা দেওয়া হবে।
- মাধ্যমিকের পর স্পেশাল স্কলারশিপে মিলবে বছরে এককালীন ১৫,০০০ টাকা।
এলআইসি পড়ুয়াদের পারফরম্যান্স এবং যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে যোগ্যদের বেছে নেবে। যদি দু’জন আবেদনকারীর প্রাপ্ত নম্বর সমান হয়, তবে যার পারিবারিক আয় তুলনামূলকভাবে কম, সে অগ্রাধিকার পাবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র রেগুলার কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই এই সুবিধা পাবে। ডিস্টেন্স, পার্ট-টাইম বা ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপের আওতাভুক্ত নয়।
গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম ২০২৬-এ আবেদন করার প্রক্রিয়া?
যোগ্য ছাত্রছাত্রীরা এলআইসি-র নিজস্ব ওয়েবসাইট (www.licindia.in)-এ গিয়ে অনলাইনেই আবেদন জমা দিতে পারবে। আবেদন করার সময় মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পরিবারের ইনকাম সার্টিফিকেটের মতো নথিগুলি জমা দিতে হবে। এলআইসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নথি যাচাইয়ের পর যেসমস্ত শিক্ষার্থীরা নির্বাচিত হবেন, তাদের বৃত্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনইএফটি (NEFT)-র মাধ্যমে পাঠানো হবে।