সহেলি মিত্র, কলকাতা: রেল কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। কেন্দ্রীয় রেল মন্ত্রক ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর আওতাভুক্ত কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর নিয়মাবলী ঘোষণা করেছে। নতুন নিয়মাবলীতে নিশ্চিত পেনশন, ন্যূনতম পেনশন, অবসরকালীন সুবিধা এবং ভিআরএস ও ইউপিএস থেকে এনপিএস-এ ট্রান্সফারের বিকল্পসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট করা হয়েছে।
রেল কর্মীদের জন্য বড় সুখবর
UPS-এর আওতাভুক্ত যোগ্য রেল কর্মচারীরা (Railway Employees) ১০ বছর চাকরি পূর্ণ করার পর ন্যূনতম ১০,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন। যে কর্মচারীরা ২৫ বছর চাকরি পূর্ণ করবেন, তাঁরা সম্পূর্ণ নিশ্চিত পেনশন পাবেন। এই পূর্ণ পেনশন হবে অবসরের পূর্ববর্তী ১২ মাসের গড় মূল বেতনের ৫০%। চাকরির মেয়াদ ১০ বছরের বেশি কিন্তু ২৫ বছরের কম হলে, পেনশনের পরিমাণ আনুপাতিক হারে কমে যাবে।
কর্মচারীরা ও রেল কর্তৃপক্ষ কতটুকু অবদান রাখবে?
যেসব কর্মচারী ইউপিএস (UPS) বেছে নেবেন, তাঁদের প্রতি মাসে তাঁদের মূল বেতন এবং ডিএ-র ১০% নিজেদের ইউপিএস অ্যাকাউন্টে জমা দিতে হবে। রেলওয়েও কর্মচারীর মূল বেতন এবং ডিএ-র সমপরিমাণ ১০% অর্থ প্রদান করবে। এছাড়াও, নিশ্চিত পেনশন প্রদানের জন্য গঠিত পুল কর্পাসে সরকার তাঁদের মূল বেতন এবং ডিএ-র আনুমানিক ৮.৫% অর্থ প্রদান করবে।
আরও পড়ুনঃ বিদেশের কোটি টাকার চাকরি ছেড়ে শুরু করেন UPSC-র প্রস্তুতি, প্রথম প্রচেষ্টাতেই IAS কনিষ্ক
VRS -এর নিয়মেও বড় বদল
VRS -এর নিয়মেও বড় বদল এনেছে সরকার। নতুন নিয়ম অনুসারে, রেল কর্মচারীরা ২০ বছর চাকরি পূর্ণ করার পর স্বেচ্ছায় অবসর বা VRS নেওয়ার সুযোগ পাবেন। তবে, VRS নেওয়ার সাথে সাথেই পেনশন প্রক্রিয়া শুরু হবে না। কর্মচারীর স্বাভাবিকভাবে অবসর গ্রহণের তারিখ থেকে পেনশন প্রদান শুরু হবে। নিয়ম অনুযায়ী, যে কর্মচারীরা ২৫ বছর চাকরি পূর্ণ করার পর VRS নেবেন, তারা তাদের গড় মূল বেতনের ৫০% নিশ্চিত পেনশন পেতে পারেন। ইউপিএস-এ নথিভুক্ত একজন কর্মচারী তার চাকরির সময়কালে একবার এনপিএস-এ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে, এই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। একবার কোনো কর্মচারী এনপিএস বেছে নিলে, তিনি আর ইউপিএস-এ ফিরতে পারবেন না।