বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ডলারের বিপরীতে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যত মুখ থুবড়ে পড়েছে ভারতীয় রুপি (Indian Rupee)। মাঝে ঘুরে দাঁড়ালেও ফের রেকর্ড পতন দেখা গিয়েছিল দেশীয় মুদ্রায়। এমতাবস্থায়, চোখ রাঙাচ্ছে বাংলাদেশের কারেন্সি টাকাও (Rupee Vs Taka)! দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে ভারতীয় রুপি’র বিপরীতে শক্তিশালী হয়েছে টাকা। দীর্ঘ 24 মাসের মধ্যে ভারতীয় মুদ্রার ঠিক উল্টো দিকে বাংলাদেশের টাকার মূল্য বেড়েছে 11.6 শতাংশ। যেখানে গত এক বছরেই বাংলাদেশি টাকার মূল্যবৃদ্ধি হয়েছে 7.6 শতাংশের কাছাকাছি।
ভারতীয় মুদ্রাকেও ছাপিয়ে যাবে টাকা?
বিনিময় হার সংক্রান্ত তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ 24 সেপ্টেম্বর ভারতের 1 রুপি সমান বাংলাদেশের 1 টাকা 29 পয়সা। একইভাবে বাংলাদেশের 1 টাকা সমান ভারতের 78 পয়সা। রিপোর্ট অনুযায়ী, আজ থেকে এক বছর আগে অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1 টাকা সমান ভারতের 72 পয়সা ছিল। একইভাবে 2024 সালে দাঁড়িয়ে বাংলাদেশের 1 টাকায় পাওয়া যেত ভারতের 70 পয়সা। এই হিসাব থেকেই বোঝা যায় গত দু বছরে ভারতীয় মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশের টাকা। অনুরূপভাবে খানিকটা দুর্বল হয়ে পড়েছে দেশীয় মুদ্রা।
বলাই বাহুল্য, একটা সময় ছিল যখন ভারত থেকে 10,000 টাকা নিয়ে গেলে বাংলাদেশে গিয়ে চিন্তা করতে হতো না, তবে আজকের দিনে দাঁড়িয়ে ওই 10,000 টাকা বিনিময় করলে বাংলাদেশে মাত্র 12,869 টাকাই মিলবে। অর্থাৎ মাত্র 2,869 টাকা বেশি পাবেন ভারতীয়রা। বাংলাদেশ মনে করছে, রুপির বিপরীতে টাকার শক্তিশালী অবস্থানের কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হতে পারে। বিশেষত ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে ওপার বাংলার স্থানীয় মুদ্রায় ব্যয় অনেকটাই কমতে পারে বলেই আশা করছে পদ্মা পাড়ের দেশ।
আরও পড়ুন: ব্রাজিলকে ৩ গোল খাইয়েও হেরে গেল ভারত, ৪-৩ ব্যবধানে জয় রোনাল্ডিনহোদের
এদিকে ডলারের বিপরীতে দিন দিন ভারতীয় মুদ্রা দুর্বল হলেও সম্প্রতি ঘুরে দাঁড়িয়েছে দেশীয় কারেন্সি। আসলে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বেড়েছে ডলারের মূল্য। যার জেরে স্বাভাবিকভাবেই মুখ থুবড়ে পড়েছিল রুপি। একইভাবে বিগত দু বছরে বাংলাদেশি মুদ্রার নিরিখে ভারতীয় রুপির দর পতন ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে কি একটা সময় ভারতীয় মুদ্রাকেও ছাপিয়ে যাবে বাংলাদেশের টাকা? আপাতত এই সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞ মহল।
তাঁদের দাবি, একটি মুদ্রার দর বৃদ্ধি মানেই যে সেটি শক্তিশালী হয়ে যাচ্ছে এমনটা নয়। ভারতের মোট অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের তুলনায় অনেক বড়। মুদ্রার প্রকৃত শক্তি নির্ভর করে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক বাণিজ্যের উপর। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতেও ভারতীয় রুপিকে টাকার ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।