=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘বাংলার ডেয়ারি’র মতো তৈরি হচ্ছে রাজ্যের নিজস্ব সর্ষের তেলের ব্র্যান্ড, জানালেন খাদ্যমন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সরিষার তেল দিয়ে নিজস্ব ভোজ্য তেলের ব্র্যান্ড (Mustard Oil Brand) চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড বাংলার ডেয়ারির আদলে এই তেলের ব্র্যান্ড চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তবে এই ব্র্যান্ড আপাতত শুরু হবে সরষের তেল উৎপাদনের মাধ্যমেই। খাদ্যমন্ত্রীর কথায়, ভোজ্য তেলের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যেই এবার তৈলবীজ উৎপাদন বাড়াতে চাইছে সরকার।

রাজ্যে তৈরি হচ্ছে সরিষার তেলের নিজস্ব ব্র্যান্ড

সরকার পরিবর্তন হতেই শিল্পে জোয়ার এসেছে বাংলায়। আমুলের পাশাপাশি লাক্স কোজিসহ একাধিক কোম্পানি কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে এখানে। তবে এবার সরিষার তেলের নিজস্ব ব্র্যান্ড নিয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। বুধবার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, “আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য রাজ্যে তৈলবীজ উৎপাদন বাড়াতে চাই। আর একই সঙ্গে আমরা বাজারেই আমাদের নিজস্ব ভোজ্য তেলের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাই। এ বিষয়ে এনডিডিবির সহায়তা কামনা করছি।”

এনডিডিবির চেয়ারম্যান মিনেশ শাহ জানিয়েছেন, ভোজ্য তেল বিপণনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার মাধ্যমে রাজ্যের নিজস্ব সরিষার তেলের ব্র্যান্ড গড়ে তুলতে বোর্ড সহায়তা করবে। এর পাশাপাশি পণ্য সংগ্রহের ক্ষেত্রেও তারা সহযোগিতা করবে। এমনকি এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, “বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং বিদেশ থেকে সরিষা সংগ্রহ করতে হয় বাংলাকে। এর জন্য সম্পূর্ণ দায় তৃণমূল সরকারের। বর্তমানে কৃষকদের অতিরিক্ত আলু চাষের পরিবর্তে সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। কারণ, এ বছর রাজ্যে চাহিদার তুলনায় ২৫ লক্ষ টন আলু বেশি উৎপাদিত হয়েছে।”

আরও পড়ুন: ফের বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

উল্লেখ্য, এনডিডিবির পূর্বাঞ্চলীয় এলাকার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং অসম ভোজ্য তেলের ভ্যালু চেইন বা সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে মোট ৫২৫ একর জমিতে সরিষা, চিনাবাদাম এবং সূর্যমুখী উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে একটি পাইলট প্রকল্প চালানো হবে বলেও জানা গিয়েছে। এখন দেখার রাজ্যের নিজস্ব সরিষার তেলের ব্র্যান্ড কতটা সফল হয়।

Leave a Comment