সহেলি মিত্র, কলকাতা: ফের চালু হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) ব্যবস্থা। আগামী ১ নভেম্বর থেকে শহরে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ঘোষণা করা হয়েছে। আসলে দিল্লিতে দূষণ (Delhi Pollution) মোকাবেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দিল্লি সরকার (Government of Delhi) এ ব্যাপারে বিধিনিষেধমূলক আদেশ জারি করেছে। সেই নির্দেশিকায় বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে।
১ নভেম্বর থেকে ফের ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা সরকারের
সূত্রের খবর, শীত এখনও পড়েনি, এদিকে দূষণ রোধে দিল্লি সরকার ইতিমধ্যেই বিধিনিষেধমূলক আদেশ জারি করেছে। ১ নভেম্বর থেকে দিল্লির সরকারি ও বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ভাঙা এবং যানবাহন স্ক্র্যাপ করাও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে ১ নভেম্বর, ২০২৬ থেকে ৩১ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত ধুলো সৃষ্টি হয় এমন কাজ এবং নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, ২০২৬ সালের ১০ই ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত নির্মাণ ও ভাঙার সব ধরনের কার্যকলাপের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
কী বলছে সরকার?
১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অফিসের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এমসিডি-র অধীনে অফিসের সময় হবে সকাল ৮:৩০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত এবং জিএনসিটিডি-র অধীনে অফিসের সময় হবে সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত। এদিকে, সরকারি ও বেসরকারি অফিসগুলোতে কর্মীদের উপস্থিতি ৫০%-এ সীমাবদ্ধ থাকবে। ১ নভেম্বর থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ৫০% কর্মচারী বাড়ি থেকে এবং ৫০% অফিস থেকে কাজ করবেন।
আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, ৬ অক্টোবর কমিশন অভিযানের ডাক ইন্ডি জোটের
পার্কিং ফি সংক্রান্ত নিয়মকানুন কী হবে?
দিল্লি সরকার জানিয়েছে যে, ব্যক্তিগত যানবাহনের ব্যবহারকে নিরুৎসাহিত করতে ১ নভেম্বর, ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত অনুমোদিত পার্কিং স্থানগুলিতে ফি দ্বিগুণ করা হবে। তবে, এই নিয়মটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর মালিকানাধীন ও পরিচালিত পার্কিং স্থানগুলি ছাড়া অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য হবে।