সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের বিপরীতে আরও মূল্য পতন ভারতীয় রুপির (Indian Rupee)। এবার একেবারে ৯৬-এর গণ্ডি টপকে গেল টাকা। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির অতিরিক্ত ডলারের চাহিদা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ থেকে বহির্গমন অব্যাহত থাকার চাপে বৃহস্পতিবার সকালে লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আরও ৩ পয়সা কমে ৯৫.৯৭ টাকায় নেমে আসে। এমনকি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা ৯৬.১৩-এর স্তরে নেমে এসেছে, যা আগের দিনের বন্ধের দরের তুলনায় অনেকটাই কম।
ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় রুপির
আসলে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে রুপি ৯৫.৯৫ টাকায় লেনদেন শুরু করলেও তা পরে আরও নেমে ৯৫.৯৭ টাকায় নেমে আসে। পরে আরও কমে ৯৬.১৩-এর স্তরে গিয়ে ঠেকে। বুধবার বাজার বন্ধ হয়েছিল ৯৫.৯৪ টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বন্ডের শক্তিশালী অবস্থান এবং বিদেশি বিনিয়োগকারীদের ডলার বিক্রির কারণে মুদ্রা দিনের পর দিন চাপের মধ্যে পড়ছে। যদিও আরবিআই সম্প্রতি ডলার বিক্রি করে রুপিকে ৯৬-এর নিচে রেখেছিল। কিন্তু তা সত্ত্বেও ভরাডুবি টাকার।
এ বিষয়ে ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের অনিল কুমার ভানসালি জানিয়েছেন, আরবিআই স্পট এবং ফরওয়ার্ড উভয় বাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলির মাধ্যমে ডলার সরবরাহ করছে। এদিকে আজ ডলার সূচক ০.০৯% বেড়ে ১০১.৫৪-তে পৌঁছেছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ স্তরের কাছাকাছি। কোটাক সিকিউরিটিজের অনিন্দ্য ব্যানার্জি জানিয়েছেন, সূচকটি সেপ্টেম্বর মাসে প্রায় ২% বৃদ্ধি পেয়েছে এবং এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর প্রায় ১০১.৮ এর দিকেও এগোচ্ছে। এমনকি শক্তিশালী ডলার রুপি সহ অন্যান্য মুদ্রাগুলির ওপরেও চাপ ফেলতে পারে।
আরও পড়ুন: পুজোর মাসে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০? জানুন আপডেট
উল্লেখ্য, আজ ব্রেন্ট ক্রুডের ফিউচারস ১.১৮% কমে ব্যারেল প্রতি ৯৬.৮৭ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। এমনকি এদিন দেশীয় শেয়ারবাজারও নিম্নমুখী প্রবণতা নিয়ে খোলে। আজ যেখানে সেনসেক্স ২১৫ পয়েন্ট কমে ৭২,২৫৭.৩০ এবং নিফটি ১০৭.২৫ পয়েন্ট কমে ২২,৫১৮.৯০-তে নেমে আসে। বুধবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মোট ১০,১৪৮.৪১ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করায় দেশীয় মুদ্রার উপরে যে আরও চাপ পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত রুপি ৯৬-এর স্তরের কাছাকাছি ঘুরতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।