বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই হরমুজ প্রণালীতে (Strait Of Hormuz) বারবার আক্রান্ত হয়েছে বিভিন্ন দেশের জাহাজ। মৃত্যু হয়েছে নাবিকদের। তবে শুধুমাত্র এই বিশেষ আন্তর্জাতিক জলপথ নয়, সেই সাথে ওমান উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর এবং বাব-এল-মান্দেবের মতো আন্তর্জাতিক জলপথে বিভিন্ন সময়ে নানান বাণিজ্যিক জাহাজে ড্রোন ও মিসাইল ছুঁড়ে হয়েছে হামলা। তাতে অন্যান্য একাধিক দেশের পাশাপাশি প্রাণ ঝরেছে ভারতীয় নাবিকদেরও (Indian Sailors)। সম্প্রতি ওমান উপকূলের একেবারে কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হলে নিহত হন এক ভারতীয় নাবিক। যিনি উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, সমুদ্রপথে হামলার মুখ থেকে ভারতীয় নাবিকদের বাঁচাচ্ছে কে?
হরমুজ প্রণালী সহ অন্যান্য জলপথে ভারতীয় নাবিকদের বাঁচাচ্ছে কে?
শুধুমাত্র হরমুজ প্রণালী নয় বরং লোহিত সাগর এবং বাব আল-মানদেবে হুথিদের হামলার মুখেও পড়তে হয়েছে ভারতীয় নাবিকদের। সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে একের পর এক হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে একাধিক ভারতীয়র। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, তাঁদের বাঁচানোর দায়িত্ব কাদের হাতে? আসলে হরমুজ প্রণালী সহ অন্যান্য আন্তর্জাতিক জলপথে ভারতীয় নাবিকদের গতিবিধি পর্যবেক্ষণ এবং তাঁদের সুরক্ষার জন্য সীফেয়ারার ফার্স্ট ব্যবস্থা চালু করেছে ভারত সরকার।
বলাই বাহুল্য, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সমুদ্রে ভারতীয় নাবিক এবং জাহাজের উপর নজরদারি, নিয়মিত যোগাযোগ এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে নাবিকদের সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত সরকার। এর আগে গত জুলাই মাসে নরেন্দ্র মোদির সরকার হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকদের না রাখার পরামর্শ দিয়েছিল। শুধু তাই নয়, রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা থেকে শুরু করে ভারতীয় নৌ-বাহিনী প্রতিনিয়ত প্রয়োজন বুঝে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলিকে ঘিরে রেখে সেগুলিকে হরমুজ প্রণালী পার করে দেশের বন্দরে পৌঁছে দিচ্ছে।
আরও পড়ুন: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেভাবে হরমুজ সহ অন্যান্য জলপথে হামলার আশঙ্কা বেড়েছে তাতে ভারতীয় নাবিকদের নিয়ে বিশেষ চিন্তিত সরকার। প্রশ্ন ওঠে, তাঁদের কে রক্ষা করছে? এক্ষেত্রে বলে রাখি, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র নির্দিষ্ট কোনও সংস্থার দায়িত্ব নয়। বন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে ভারতীয় নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রক, ভারতীয় নৌ-বাহিনী এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলি যৌথভাবে সমুদ্রপথে ভারতীয় নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার কাজ করে থাকে। সমুদ্রপথে হঠাৎ ভারতীয় নাবিকরা বিপদে পড়লে নিকটবর্তী দেশের সাথে সমন্বয় করে সে দেশের নৌবাহিনীকে ভারতীয় নাবিকদের সাহায্যের জন্য পাঠানো হয়।