বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে ম্যাচ নিয়ে আপত্তি ছিল ভারতের একটা বড় অংশের প্রাক্তন ফুটবলারদের, আগামীকাল অর্থাৎ 3 অক্টোবর ভারত বনাম ব্রাজিলের (India Vs Brazil) সেই প্রীতি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। ফুটবলের মক্কায় দুই দলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন শহরের ফুটবল ভক্তরা। তবে ম্যাচের ফলাফলটা যে ভারতের পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই সেটা অনেক আগে থেকেই ধরে নিয়েছেন দেশেরই প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ফুটবল প্রশিক্ষকরা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিওতে মিনার্ভা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তথা প্রধান রঞ্জিত বাজাজকেও (Ranjit Bajaj) ভারত বনাম ব্রাজিলের ম্যাচ নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে।
ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হারবে ভারত?
আগামীকাল অর্থাৎ 3 অক্টোবর, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত এবং ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সাথে লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন জাতীয় দলের ফুটবলারেরাও। আর ঠিক সেই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সাক্ষাৎকারের অডিও ক্লিপ। সেখানেই এক ব্যক্তি ভারত বনাম ব্রাজিল ম্যাচ নিয়ে প্রশ্ন করছেন মিনার্ভা অ্যাকাডেমির প্রধান রঞ্জিত বাজাজকে।
এদিন রঞ্জিতের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, “ভারত বনাম ব্রাজিল ম্যাচ, আপনার কী মনে হয় আমরা কত গোলে হারবো?” উত্তরে রঞ্জিত বাজাজ একেবারে খোলাখুলি জানান, “দেখ ভাই, 4-5 কী, লোকে তো বলছে 10 থেকে 12 টা গোল খেয়ে যেতে পারি। আমারও মনে হয় এটা হতে পারে। দশটা গোলও হতে পারে 12টাও হতে পারে আবার চার, পাঁচটা গোলও খেয়ে যেতে পারি। কারণ ওটা ব্রাজিল। এমন একটা দেশের নাম বলো যারা সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে ব্রাজিলের থেকেও, কেউ আছে? যাকেই জিজ্ঞেস করে নাও সবার বিশ্বকাপে পছন্দের দল ব্রাজিল।” এই ভাইরাল অডিও’র সত্যতা অবশ্য যাচাই করিনি আমরা।
আরও পড়ুন: অবসর নিলেন যুজবেন্দ্র চাহল, জানালেন কারণও
এদিন বাজাজ আরও বলেন, “যেমন কলকাতা ফুটবলের মক্কা হিসেবে পরিচিত, ঠিক তেমনই ব্রাজিল বিশ্ব ফুটবলের আসল মক্কা।” সব মিলিয়ে, ভারতীয় তারকার বক্তব্য, ব্রাজিলের মতো বড় ফুটবল দলের সামনে জাতীয় ফুটবল দল কত গোলে হারল সেটা বড় কথা নয়! সেটাতে কিছু যায়ও আসে না বলেই দাবি করলেন বাজাজ। এমনিতেও ভারত বনাম ব্রাজিলের ম্যাচের বিরোধীতাই করে এসেছেন মিনার্ভা অ্যাকাডেমির প্রধান। তাঁর দাবি, 6 কোটি টাকা খরচ করে এই ম্যাচ আয়োজনের কোনও মানেই হয় না।