অনন্যা সরকার, বীরভূম: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি বুধবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জাতীয় মহাসড়কগুলির (National Highway) উন্নয়নের জন্য ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদনের কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল জেলার গুরুত্বপূর্ণ দুই জাতীয় মহাসড়ক এনএইচ-১৪ (NH-14) এবং এনএইচ-১১৪ (NH-114)-এর কিছু অংশের সংস্কার ও সম্প্রসারণ।
বীরভূমের দুই জাতীয় সড়কের সংস্কার প্রকল্প
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এনএইচ-১৪ এবং এনএইচ-১১৪-এর নির্দিষ্ট কিছু অংশের সংস্কার ও সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সরকার ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় রয়েছে মল্লারপুর হয়ে ভীমগড় থেকে নলহাটি পর্যন্ত এনএইচ-১৪-এর ৯১.৯০ কিলোমিটার এবং সুরুল গ্রাম থেকে মল্লারপুর পর্যন্ত এনএইচ-১১৪-এর ৫৬.৪০ কিলোমিটার পথ।
মন্ত্রী আরও জানান যে, উন্নতমানের এই রাস্তাগুলি সড়ক নিরাপত্তা বৃদ্ধি করবে, যানজট কমাবে, যাতায়াতের সময় বাঁচাবে, যাত্রী ও পণ্য পরিবহণকে আরও সহজতর করবে এবং গ্রাম, শহর ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে সংযোগ আরও জোরদার করবে। তিনি জানিয়েছেন যে, এই প্রকল্পটি,স্থানীয় ব্যবসা, আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমের সহায়তা করার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে নিরাপদ ও আরও দক্ষ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে।
আরও পড়ুন: “চোট এখনও পুরো সারেনি” মমতার ভাঙা পায়ের ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কুণালের
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ও সমগ্র উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক তিস্তা নদীর ওপর ১,১৭৫.৫৯ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ ৬.৯১ কিলোমিটার দীর্ঘ, সিক্স-লেনের সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রজেক্টের ঘোষণা করেন।