সহেলি মিত্র, কলকাতা: বিদায় নিল বর্ষা। তবে বাংলা থেকে কি নিয়েছে? সেটা বলতে নারাজ আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বৃষ্টি উত্তর ভারতের বাকি অংশ, পুরো গুজরাট ও মধ্যপ্রদেশ এবং বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ, ছত্তিশগড়ের কিছু অংশ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। এদিকে বাংলায় দুর্বল হলেও পাকাপাকিভাবে বিদায় নেয়নি, ফলে বৃষ্টি আপাতত চলবে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বর্ষণ (Weather Today) হতে পারে। প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই দেখে নেওয়া যাক, রবিবার সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এদিন কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে একটি আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১৩ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এপিএসডিএমএ-এর মতে, সিস্টেমটি ১৫ অক্টোবরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর।
আরও পড়ুন: এক ধাক্কায় ৩-৪% DA বাড়াতে চলেছে সরকার! দশমীর আগেই মিলবে সুখবর?
আগামীকালের আবহাওয়া
সোমবারের আবহাওয়া (Weather Tomorrow) সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।