সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গ মানেই এখন আর শুধু দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিম নয়। উত্তরবঙ্গ এখন অফবিট জায়গার খনি হয়ে উঠেছে। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে এখনও অবধি পর্যটকদের তেমন পা পড়েনি। দার্জিলিং শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে, চা-বাগানের সবুজে ঘেরা শান্ত অফবিট ঠিকানা ‘বাদামতাম’ (Badamtam) আপনাকে মুগ্ধ করবে। এই বাদামতাম এমন এক জায়গা যেখানে আপনি উপচে পড়া ভিড়, শহরের কোলাহল পাবেন না। এখানে শুধুই পাবেন পরিবেশের স্নিগ্ধতা।
পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘বাদামতাম’
পুজোয় দার্জিলিংয়ের (Offbeat Darjeeling) ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি নিরিবিলি ছুটি কাটাতে বেছে নিতে পারেন বাদামতাম। দার্জিলিংয়ের এক শান্ত অফবিট ঠিকানা হল এই জায়গাটি। শহরের ভিড় থেকে দূরে সবুজ পাহাড়, চা-বাগান, নদী ও নির্মল পরিবেশে ঘেরা এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। এখানে উপভোগ করা যায় মনোরম সূর্যোদয়-সূর্যাস্ত, পাহাড়ি পরিবেশ, স্থানীয় সংস্কৃতি ও নিরিবিলি সময়। ঘন কুয়াশায় মোড়া পাহাড় আর চায়ের গন্ধ আপনাকে এই জায়গার প্রেমে পড়ে যেতে বাধ্য করাবে। এখানে থাকলে আপনার মনে হবে সময় যেন থমকে গেছে।
বাদামতাম নামটি একটি লেপচা শব্দ থেকে এসেছে যার অর্থ হল জল বহনের জন্য ব্যবহৃত বাঁশের পাত্র। এখানে আপনি কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার সুস্পষ্ট, প্যানোরামিক দৃশ্য নিতে পারবেন।
কী কী দেখবেন?
বাদামতামের আশেপাশে ঘোরার জন্য বেশ কিছু দর্শনীয় জায়গা আছে। ঘুরে দেখতে পারেন দার্জিলিং, টুকভার টি এস্টেট, বিজনবাড়ি ও দাওয়াইপানি। চুলিদারার কাছাকাছি ১৪ ফুট উচ্চতার শান্ত বুদ্ধ মূর্তি আছে যা খুবই আকর্ষণীয়। এখানে এলে দেখতে পাবেন রঙ্গিত এবং রুংদুং/মাঝিতার নদী উপত্যকার মধ্য দিয়ে কীভাবে বয়ে চলেছে। রয়েছে একটি ঝুলন্ত সেতু রয়েছে যা এই অঞ্চলটিকে সিকিমের সাথে সংযুক্ত করে। যারা হাইকিং, ফটোগ্রাফি, চা-বাগান ঘোরা, গ্রাম ভ্রমণ, পাখি দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে এই জায়গা স্বর্গ হয়ে উঠবে।
আরও পড়ুন: উন্নত ব্যাটারির সাথে জবরদস্ত ক্যামেরা! লঞ্চ হচ্ছে Vivo V80
কীভাবে যাবেন?
এখন নিশ্চয়ই ভাবছেন, এত সুন্দর জায়গায় কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গিয়ে সেখান থেকে স্থানীয় ট্যাক্সি বা শেয়ার গাড়িতে বাদামতাম যেতে হবে।