আনিষা চৌধুরী, কলকাতা: মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক (MLA) বাইরন বিশ্বাসকে (Byron Biswas) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি (Delhi) নিয়ে যাওয়া হয়েছে। শনিবার নিজের ঘরে অগ্নিদগ্ধ হওয়ার পর প্রথমে ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় আইসিইউ অ্যাম্বুল্যান্সে কলকাতায় আনা হয়। এখানেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। রবিবার সন্ধ্যায় সেখান থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নিয়ে যাওয়া হয় তাঁকে।
বর্তমানে কী অবস্থায় রয়েছেন MLA?
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগুনে বাইরনের দুই পায়ের হাঁটুর নীচের অংশ এবং বাঁ হাতের কনুইয়ের নীচে পুড়ে ঝলসে গেছে। তাঁর ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। ফলে পোড়া ক্ষত নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন চিকিৎসকেরা। বাইরনের দাদা মিল্টন বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
শনিবার সকালে ধুলিয়ানের বাড়িতে নিজের ঘরে শুয়ে থাকা অবস্থায় আগুনে ঝলসে যান বাইরন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হন। তবে তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাইরনকে প্রথমে পরিবারের মালিকানাধীন নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে বার্ন ইউনিট না থাকায় পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
আগুন লাগার কারণ নিয়ে পরিবারের তরফে এসিতে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলা হয়েছে। পরিবারের বক্তব্য অনুযায়ী, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় ওই সময় বাইরন ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। তবে আগুনের প্রকৃত কারণ এখনও পুলিশ ও দমকলের তদন্তে চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: “১৫ দিনের মধ্যে ফিরুন, না হলে জায়গা নেই!” কাদের উদ্দেশ্যে বার্তা মমতার?
এদিকে বাইরনের দিল্লি যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুগামী ও পরিচিতরা। আপাতত রাজনীতির ব্যস্ততা থেকে দূরে তাঁর চিকিৎসা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠাই পরিবারের প্রধান চিন্তা। তাঁর রাজনৈতিক সমর্থকরাও বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করছে।