সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কিস্তি কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে বলে জানালেও আগস্ট বা সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকে ছাড়া হয়েছিল টাকা। গত মাসে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। তবে সেপ্টেম্বরে টাকা মিললেও এ মাসে না মিলতে পারে সুবিধা। কারণ, রাজ্য সরকারের তরফ থেকে আবারও শুরু হচ্ছে যাচাই-বাছাই।
অক্টোবরে বন্ধ হতে পারে অন্নপূর্ণা যোজনা
আগস্ট মাসেই রাজ্যের সমস্ত মহিলার তথ্য পুনরায় যাচাই করে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছিল সরকার। তবে অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও ৩০০০ টাকা না পাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিডিও অফিস বা পৌরসভা ঘেরাও করে চালাচ্ছেন বিক্ষোভ। এমনকি পথ অবরোধ পর্যন্ত করছেন মহিলারা। প্রকল্প চালু হওয়ার পর বহু উপভোক্তা ভুল তথ্য দিয়ে বা তথ্য গোপন করে আবেদন করেছিলেন বলেই ওঠে অভিযোগ। এ বিষয়ে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছিলেন, অনেকেই অনলাইন বা অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন করেছিলেন। যার ফলে প্রশাসনিক স্তরে জটিলতা সৃষ্টি হচ্ছে। বহু আবেদনকারী তথ্য গোপন করেই প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন।
সেই সূত্রে এবার প্রশাসনের আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু করেছেন বলেই খবর। এমনকি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী মোট ১ কোটি ৬২ লক্ষ জমা পড়া আবেদনের মধ্যে প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রায় ২৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টেই এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া হবে। যার কারণে অক্টোবর মাসে পুনরায় তথ্য যাচাই করা হতে পারে বলে করা হচ্ছে অনুমান।
আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ফের কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
যদিও এখনও বহু মহিলার আবেদন আন্ডার প্রসেস বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। তবে যাদের আন্ডার প্রসেস রয়েছে, তাদের চিন্তার কোনও কারণ নেই। প্রশাসনের তরফ থেকে তথ্য যাচাই করে খুব তাড়াতাড়ি তাদের দেওয়া হবে অর্থ সহায়তা। এমনকি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ভুলের কারণে যাতে কোনও প্রকৃত এবং যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন, তার জন্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। পাশাপাশি সেবা সেতু শিবিরে গিয়েও বহু মহিলা এবার নতুন করে নাম লিখিয়েছেন। তাদের তথ্য পুনরায় যাচাই করেই এই প্রকল্পের অর্থ সহায়তা প্রদান করা হবে।