সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আবহে রইল বিরাট চমক। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের ছবি বিশ্বের দরবারে তুলে ধরতে ‘দুর্গা পুজো ক্রিয়েটর্স চ্যালেঞ্জ ২০২৬’ (Durga Puja Creators Challenge) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই উদ্যোগে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, ফটোগ্রাফার এবং সাধারণ নাগরিকরাও অংশ নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, প্রতিযোগিতায় মোট ১০ লক্ষ টাকার পুরস্কার মূল্য রাখা হয়েছে। পাশাপাশি, অংশগ্রহণকারীরা শংসাপত্র পাওয়ার সুযোগ পাবেন।
দুর্গাপুজোয় থাকছে ১০ লক্ষ টাকা জেতার সুযোগ!
রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে ক্রিয়েটর্স গ্যালারিতে বিশেষ স্থান পাওয়ার সুযোগও রয়েছে। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগ রাখা হয়েছে। দুর্গাপুজোর ছবি, ঐতিহ্য, সৃজনশীলতা এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে বাংলার উৎসবকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। তবে অংশগ্রহণের শেষ তারিখ, বিভাগভিত্তিক পুরস্কারের বিবরণ এবং অন্যান্য শর্ত জানতে প্রতিযোগিতার সরকারি ওয়েবসাইটের নির্দেশিকা দেখে নেওয়া প্রয়োজন।
১. দশশক্তি: মা দুর্গার দশটি অস্ত্র ও প্রতীকের মাধ্যমে বাংলার শক্তি, অগ্রগতি ও সংস্কৃতিকে তুলে ধরে ছবি বা রিল তৈরি করতে হবে। ত্রিশূল, খড়্গ, চক্র ও বজ্রের মতো প্রতীককে সৃজনশীলভাবে উপস্থাপন করা যাবে।
২. স্বচ্ছ প্যান্ডেল নেবারহুড: পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব পুজোমণ্ডপ, সবুজ উদ্যোগ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এলাকার ইতিবাচক পরিবর্তন তুলে ধরতে হবে। এই বিভাগে AI দিয়ে তৈরি কনটেন্ট গ্রহণ করা হবে না।
আরও পড়ুনঃ বিশ্বের শীর্ষ ২ শতাংশ সাইন্টিস্টের তালিকায় বাংলার ২ বিজ্ঞানী
৩. শঙ্খধ্বনি: এক নিঃশ্বাসে শঙ্খ বাজানোর আসল মুহূর্তের নিরবচ্ছিন্ন ভিডিও রিল তৈরি করতে হবে। শঙ্খধ্বনির স্বচ্ছতা, স্থায়িত্ব ও জোর এই বিভাগের মূল আকর্ষণ।
কীভাবে অংশ নেবেন?
প্রতিযোগিতায় অংশ নিতে নিজের তৈরি মৌলিক কনটেন্ট প্রকাশ করতে হবে পাবলিক ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টে। পোস্টে @durgapujawb-কে ট্যাগ করার পাশাপাশি কোলাবরেশন রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর নির্দিষ্ট কনটেন্টের লিঙ্ক জমা দিতে হবে durgapujawb.com ওয়েবসাইটে।