প্রীতি পোদ্দার, কলকাতা: গরিব ও দুঃস্থ মানুষদের জন্য বড় উদ্যোগ, আহার ক্যান্টিনে (Aahar Canteen) এবার মাত্র ১ টাকায় এবার মিলবে প্লেট ভর্তি বিরিয়ানি। জানা গিয়েছে, আজ অর্থাৎ মহালয়ার দিন থেকেই কলকাতায় (Kolkata Maa Ahar Canteen) এমনই সুব্যবস্থা করতে চলেছে NDA-র জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। এদিকে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির আমেজ দেখা গিয়েছে সকলের মধ্যে।
মাত্র ১ টাকায় দেওয়া হবে বিরিয়ানি
বিগত সরকারের আমলে ৫ টাকার বিনিময়ে ‘মা ক্যান্টিন’ চালু করা হয়েছিল। যেখানে গরিব ও দুঃস্থ মানুষদের ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসতেই সেই প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হয়। ‘মা ক্যান্টিন’ এর নাম রাখা হয় ‘মা আহার’ ক্যান্টিন। আর এবার সেই ক্যান্টিন চালু হচ্ছে কলকাতার রাজাবাজারে। তবে ৫ টাকা নয় মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি। জানা গিয়েছে লোক জনশক্তি পার্টির রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রর উদ্যোগে রাজাবাজারে এই ক্যান্টিন চালু করা হচ্ছে। আজ থেকেই মিলবে সেই পরিষেবা।
২০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, মাত্র ১ টাকায় প্রথম দিনের মেনুতে থাকছে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। প্রতি শনিবার রাজাবাজারে এই ক্যান্টিন চালানো হবে এবং একদিনে ২০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে। অর্থাৎ নামমাত্র মূল্যে একাধিক পদ দেওয়া হবে, তাই স্বাভাবিকভাবেই এই উদ্যোগে ব্যাপক খুশি সাধারণ জনগণ। আশা করা যাচ্ছে লোক জনশক্তি পার্টির এই উদ্যোগে সকলেই বেশ আগ্রহ প্রকাশ করবে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার সেই উদ্যোগ কতটা সাফল্যমণ্ডিত হয়।
আরও পড়ুন: মুখ্যসচিবকে ‘ভোটচোর’ কটাক্ষ মহুয়ার, ১০ কোটির আইনি নোটিস পাঠালেন মনোজ আগরওয়াল
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকারের আমলে প্রকল্পে একাধিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয় শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নানা পরিষেবায় আনা হয়েছে একাধিক পরিবর্তন। এমনকি তৃণমূলের ‘মা ক্যান্টিন’ প্রকল্পের শুধু নাম পরিবর্তন হয়নি বদলেছে খাবারের মেনু। জানা গিয়েছে, মা আহার ক্যান্টিনে পাঁচ টাকায় এখন গরিবদের দেওয়া হচ্ছে মাছ ভাত, সঙ্গে সবজি, ডাল তো আছেই। এছাড়াও সপ্তাহে দুই দিন থাকছে ডিম ভাতের আয়োজন।