বিক্রম ব্যানার্জী, কলকাতা: এত অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাতে পেরেছে শুধু বৈভব সূর্যবংশীই (Vaibhav Sooryavanshi), এ কথা বললে খুব একটা ভুল হবে না। নিজের ক্রিকেট শৈলীর জন্যই বারবার ভারতের প্রাক্তন ক্রিকেটারদের কাছে প্রশংসিত হন বৈভব। এর আগে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সুনীল গাভাস্কার, বীরেন্দ্র সেহবাগরা বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ঠিক সেই একই পথ ধরেই ফের 15 বছরের ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন সেহবাগ (Virender Sehwag)। বললেন, “বৈভব ঠিক আমার মতোই!”
বৈভবের মধ্যে নিজেকে খুঁজে পেলেন সেহবাগ
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের ব্যাটের জাদু দেখেছে গোটা বিশ্ব। মাঠে নেমেই ব্যাট চালাতে শুরু করেন বিহারের এই কিশোর। এবার সেই বৈভবের মধ্যেই নিজেকে খুঁজে পেলেন বীরেন্দ্র সেহবাগ। শনিবার, নয়া দিল্লিতে পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক অধিবেশনের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে মুখ খুললেন সেহবাগ।
একটা সময় যে সেহবাগকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হতো, সেই তিনিই এবার বৈভবের প্রশংসায় পঞ্চমুখ। আজ পর্যন্ত মোট আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে 246 রান করেছেন বৈভব। তাঁর স্ট্রাইক রেট 186। এটাই প্রমাণ করে দেয় বৈভবের আগ্রাসী ব্যাটিং। আর তা নিয়ে সেহবাগ বললেন, “সূর্যবংশী বর্তমানে সেরা ফর্মে আছে। ওর মানসিকতা খানিকটা আমার মতোই। সে একেবারে প্রথম বল থেকেই বড় শট খেলার মানসিকতা নিয়ে মাঠে নামে। এখন দেখার সে ভারতের হয়ে ফের খেলার সুযোগ কবে পায় এবং ঠিক কতগুলো ম্যাচ খেলে।”
আরও পড়ুন: বিরাট জয় ভারতের! বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার তালিকা থেকে বাদ দেওয়া হল পাকিস্তানকে
প্রায়শই বৈভবের বয়স নিয়ে তৈরি হয় বিতর্ক। অনেকেই মনে করেন, বয়স ভাঁড়িয়ে খেলেন সূর্যবংশী! যদিও এ নিয়ে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বারবার স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর ছেলের বয়স আদতে যা সেটাই সবাই জানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে সে। সেসব নিয়ে সেহবাগের বক্তব্য, যদি কোনও খেলোয়াড় যথেষ্ট প্রতিভাবান হয় তবে তাঁর বয়স নিয়ে উদ্বেগ থাকা উচিত না। ভারতীয় তারকার মতে, বয়স ভিত্তিক টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট সীমা মেনে চলতে হয়। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা ভারতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে বয়সটা ফ্যাক্টর নয়। বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পর সেহবাগ প্রসঙ্গে অনেকেই বলছেন, ছেলে আর্যবীর একজন ভাল ক্রিকেটার হওয়া সত্বেও বৈভবের মধ্যেই নিজেকে খুঁজে পাচ্ছেন সেহবাগ!