বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে (Team India) বহুদিন দেখা নেই মহম্মদ শামির (Mohammed Shami)। শেষবারের মতো খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে। তারপর আর ডাক পাননি অভিজ্ঞ বোলার। বারবার জল্পনা বাড়লেও শামিকে টিম ইন্ডিয়ায় ফেরাননি নির্বাচকরা। তবে সম্প্রতি ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফিরতেই জল্পনা বাড়ল এবার কি তাহলে কামব্যাক করতে পারেন শামি। টিম ইন্ডিয়ায় ফেরা না হলেও খুব একটা সমস্যা হবে না ভারতীয় তারকার। জানালেন নিজেই।
কী বললেন শামি?
2025 চ্যাম্পিয়নস ট্রফি জয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভারতীয় তারকা। 36 বছর বয়সী সেই শামি কি দেড় বছর পর ফের টিম ইন্ডিয়ায় জায়গা পাবেন? অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফেরার পর থেকেই উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে শামি জানালেন, ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ায় অত্যন্ত খুশি শামি। যোগ্য বলেই টিম ইন্ডিয়ায় ফিরেছেন ভুবি, মনে করেন ভারতীয় তারকা।
তবে শামি এও জানিয়েছেন, ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফেরায় তার কোনও প্রভাব তাঁর উপর পড়েনি। এতে তাঁর কোনও দুঃখ নেই। টিম ইন্ডিয়ায় তিনিও কি কামব্যাক করতে পারবেন? জাতীয় দলে কি ফের খেলার স্বপ্ন পূরণ হবে তাঁর? ভারতীয় তারকা একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, “জাতীয় দলে নির্বাচিত হলে নিজের সর্বস্ব উজাড় করে দেব। কিন্তু যদি সুযোগ না পাই কোনও সমস্যা নেই। এতে তো আমার কোনও ক্ষতি হচ্ছে না।” ভারতীয় তারকার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেই টিম ইন্ডিয়ার ফিরতে চান না শামি?
আরও পড়ুন: ‘অবিলম্বে বিক্ষোভকারীদের মুক্তি দেওয়া হোক’ ভারত সরকারকে বার্তা বাংলাদেশের ছাত্রনেতার
উল্লেখ্য, অভিযোগ ছিল, অজিত আগরকর সব জেনেও শামিকে জাতীয় দলে ফেরাচ্ছেন না। সেই আগরকর ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদে মেয়াদ শেষ করতেই এবার শামির জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন অনেকে। কারণ তিনি দায়িত্ব শেষ করতেই টিম ইন্ডিয়ায় ডাক পেয়েছেন ভুবনেশ্বর।