সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো তো চলেই এল। অথচ পেনশন প্রাপকদের মুখে হাসি নেই। উল্টে এই বয়সে রাস্তায় নেমে পেনশনের (Pension) দাবিতে বিক্ষোভে শামিল হলেন সকলে। হ্যাঁ ঠিক এমনই দৃশ্য ধরা পড়ল হুগলীর বাঁশবেড়িয়া পুরসভার (Bansberia Municipality) সামনে।
পেনশনের দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্তদের
উৎসবের আবহে হকের টাকা না পেয়ে হতাশ বহু পেনশনভোগী। অভিযোগ, দীর্ঘ ৪ মাস ধরে কোনও পেনশন মেলেনি। তাই এবার বাঁশবেড়িয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন অবসরপ্রাপ্ত সমিতির সদস্যরা। সকলেই এক সময়ে পুরসভার কর্মী ছিলেন। মাসের পর মাস পেনশনের টাকা আচমকা বন্ধ থাকায় বিক্ষোভ শুরু করেন পুরসভার প্রাক্তন কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরসভা চত্ত্বরে। পেনশন সহ গ্র্যাচুইটি ও অন্যান্য বকেয়া টাকা মেটানোর দাবিতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সামনে নিজেদের দাবিদাওয়া পেশ করেন শ্রমিকরা।
বড় অভিযোগ কর্মীদের
অবসরপ্রাপ্ত কর্মীরা ডেপুটেশন জমা দিয়েছেন বলে খবর। কর্মীদের অভিযোগ, দীর্ঘ ৪ মাস ধরে পেনশন বকেয়া রয়েছে এর আগেও বহুবার পুরসভার সামনে বিষয়টি তুলে ধরা হলেও কেউ আমল দেয়নি, হয়নি কোনও স্থায়ী সমাধান। মাঝে ২ মাসের বকেয়া দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুনঃ পুজোর আবহেই জামিন পেলেন সব্যসাচী দত্ত, তবে রয়েছে বিশেষ শর্ত
শেষ পর্যন্ত কোনও উপায় না থাকায় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন তাঁরা। অবসরপ্রাপ্ত সমিতির দাবি, অবিলম্বে সকলের বকেয়া মিটিয়ে দিতে হবে। টাকা যদি কেউ না পান তাহলে বড় দুর্ভোগের আশঙ্কা করছেন সকলে। এখন দেখার বাঁশবেড়িয়া পুরসভা কী পদক্ষেপ নেয় সেদিকে।