সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ অক্টোবর, বুধবার। বোনাসের ঘোষণা সরকারের, থানায় অভিষেক ব্যানার্জি, ককরোচদের সমর্থন রাহুল গান্ধীর, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) Miscellaneous-এর ফলাফল প্রকাশ করল PSC
পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০,৮৩৪ জন প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য বেছে নেওয়া হয়েছে। ১৪ অক্টোবর কমিশনের তরফ থেকে ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে ৪৫০ নম্বরের মধ্যে আনরিজার্ভড ক্যাটাগরিতে কাট-অফ দাঁড়িয়েছে ২৩৭ এবং পিডাবলুবিডি’র কাট-অফ হয়েছে সর্বনিম্ন ১১৮। এমনকি নির্ধারিত দিনে কোনও প্রার্থী হাজির না হলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চতুর্থীর সন্ধ্যায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ৪৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা করার পাশাপাশি পুজোর আগে ৫০ কেজি চাল এবং মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। রাজ্যের বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের জন্যই এই ঘোষণা। সাংবাদিক বৈঠকে এদিন তিনি চা বাগানগুলোর কর্মহীন শ্রমিকদের পরিবারপিছু অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন। মোট ১৯,৫২৪ জন কর্মচারী উপকৃত হবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ডিম থেরাপির আশঙ্কায় ফের হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে বারবার ডিম হামলার শিকার হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। তবে এবার নিরাপত্তা নিয়ে চলা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১৪ অক্টোবর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে মামলায় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করতে হবে এবং এই মামলার শুনানি হবে আগামী ২ ডিসেম্বর। এদিকে আজ রাজ্যের তরফে সাংসদের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) দুর্গাপুজো উপলক্ষে বোনাসের ঘোষণা সরকারের
পুজোর আগে রেল কর্মীদের বোনাসের ঘোষণা করল সরকার। কেন্দ্রের তরফ থেকে এবার এই বোনাসের ঘোষণা করা হয়েছে, যার আওতায় উপকৃত হবেন ১১.৪ লক্ষ কর্মী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ্য রেল কর্মচারীদের জন্য ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাসের অনুমোদন করা হয়েছে। এবার মোট ২০০৯.৬১ কোটি টাকা বোনাস দেওয়া হবে বলেই খবর। এই টাকা সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) কলকাতা সহ একাধিক কলেজে আন্দোলন হোমিওপ্যাথিক চিকিৎসকদের
প্রতিশ্রুতি মিললেও বেতন বৃদ্ধি হয়নি। এমনকি মেলেনি মহার্ঘ ভাতা। সেই দাবিতে পুজোর আগেই রাজ্যের একাধিক সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিক্ষোভে শামিল হলেন জুনিয়ার চিকিৎসকরা। কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পোস্টার হাতে আন্দোলন শুরু করেছেন। তাদের মূল দাবি, মাসিক বেতন প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা বাড়াতে হবে এবং বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ দিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) পুজোর সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাওড়ার ১৪টি ফেরি ঘাট
চতুর্থীর দিন বিপাকে পড়লেন যাত্রীরা। বকেয়া দু’মাসের বেতন এবং পুজোর বোনাস না পাওয়ায় হাওড়ার প্রায় ১৪টি ঘাটে ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছেন তারা। জানা গিয়েছে, আজ দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। উল্লেখ্য, নিত্য যাত্রীদের সঙ্গে প্রচুর মানুষ পুজোয় ঠাকুর দেখতে বের হন। তবে অনেকের কাছে এই ফেরি পরিষেবা ভরসা। প্রায় ২৫০ জন কর্মী এখানে কাজ করেন। তবে পুজোর মুখে যে সাধারণ মানুষ বিপাকে পড়ল তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ৬০০০ কোটির মেগা প্রজেক্টের উদ্বোধন হলদিয়ায়
রাজ্যে রকেটের গতিতে এগোচ্ছে শিল্প। দেবীপক্ষে হলদিয়ায় হল শিল্পের জোয়ার। চতুর্থীতে ৬ হাজার কোটি টাকা খরচ করে দেশের বৃহত্তম ফেনল এবং অ্যাসিটোন কারখানার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, হলদিয়া পেট্রো ক্যামিকেলস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডবার্মা প্রাইভেট লিমিটেড এই উদ্যোগ গড়ে তুলছে এবং এই কারখানায় ফেনলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ লক্ষ ৪৫ হাজার টন এবং অ্যাসিটোনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ লক্ষ ১৫ হাজার টন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) পদত্যাগ করলেন সাবিনা ইয়াসমিন
আরও ভাঙন ঋতব্রত শিবিরে। এবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সাবিনা ইয়াসমিন। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। অনেকের ধারণা, ইডি-র হাত থেকে বাঁচার জন্য ঋতব্রত দলে ভিড় বাড়াচ্ছে বেশ কয়েকজন বিধায়ক। তবে বুধবার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবিনা। এমনকি তিনি চিঠিতে লিখেছেন যে, শারীরিক অসুস্থতার কারণে গণতান্ত্রিক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পদ ছাড়ছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ককরোচদের সমর্থন রাহুল গান্ধীর
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি উত্তাল যন্তর মন্তর। বিক্ষোভ দেখিয়েছিল ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। তবে সেই ঘটনায় সিজেপির দুই প্রধান নেতা সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে আজ হেফাজতে নিয়েছে পুলিশ। আগামী ৫ দিন পুলিশি হেফাজতে তিহার জেলে থাকতে হবে তাদের। তবে সেই ঘটনার প্রতিবাদে এবার গর্জে উঠেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রকাশ্যে ককরোচদের সমর্থন করে তিনি জানিয়ে দিয়েছেন, “আমরা যন্তর মন্তর পুনরুদ্ধার করব।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) থানায় হাজিরা দিলেন অভিষেক
অবশেষে বিলবোর্ড কাণ্ডে থানায় হাজিরা দিতে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিল শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। আগে হাজিরা না দিয়ে থানায় ইমেইল পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে বুধবার ফের তলব করা হলে তিনি হাজিরা দিয়েছেন। উল্লেখ্য, পার্টি অফিসের বিলবোর্ড খুলতে গিয়ে পুলিশ কর্মী এবং পুরসভার আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মীরা। সেই সূত্রে তিনটি পৃথক মামলা দায়ের করা হয় এবং আজ তলব করা হয় তৃণমূল সাংসদকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন