বিক্রম ব্যানার্জী, কলকাতা: উৎসবের আবহে শেয়ার বাজারে (Stock Market) নজর রাখতে ভুলছেন না বিনিয়োগকারীরা। কোন শেয়ার কত রিটার্ন দিচ্ছে প্রতিনিয়ত সেদিকে দৃষ্টি রেখে চলেছেন তাঁরা। তবে সম্প্রতি ভারতীয় শেয়ার বাজারের ওঠানামার মধ্যেই একটি শেয়ার নিয়ে যথেষ্ট সতর্ক বিশেষজ্ঞরা। সেটাও আবার টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থার শেয়ার (Tata Stock)। হ্যাঁ, টাটা এলক্সির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তাঁদের দাবি, এই শেয়ার থাকলে এখনই বিক্রি করে দেওয়া ভাল।
টাটার শেয়ারে বিনিয়োগ করে থাকলে সতর্ক হোন
সম্প্রতি টাটার মালিকানাধীন এই সংস্থা তাদের সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সেই ফলাফল বিনিয়োগকারীদের প্রত্যাশাকে ছাপিয়ে গেলেও বেশ কিছু ব্রোকারেজ ফার্ম এই সংস্থার শেয়ারটিকে নিয়ে যথেষ্ট সতর্ক। আসলে কোম্পানির প্রবৃদ্ধি এবং ইবিআইটি মার্জিন প্রত্যাশার চেয়ে ভাল হলেও ইউরোপীয় অটোমোবাইল খাতে দুর্বল চাহিদা এবং মার্জিন উন্নতির মন্থর গতির কারণে টাটা এলক্সির শেয়ার নিয়ে যথেষ্ট চিন্তায় বিভিন্ন ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা।
বলাই বাহুল্য, ইতিমধ্যেই 19 জন শেয়ার বাজার বিশেষজ্ঞ বা বিশ্লেষক এই শেয়ারটিকে পর্যবেক্ষণ করেছেন। তাঁদের মধ্যে 9 জন শেয়ারটিকে সেল রেটিং দিয়ে অবিলম্বে এটি বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বুধবার এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা বাড়লেও পরে কিছুটা কমে শেষ পর্যন্ত 5.73 শতাংশ রিটার্ন সমেত 3,623 টাকায় দাঁড়িয়েছে। তবে অবাক করা বিষয়, সংস্থাটি বেশিরভাগ ক্ষেত্রেই ভাল ফলাফল করার পরেও এই শেয়ারটিতে এখন বিনিয়োগ করা তো দূর বরং দ্রুত এই শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: একঘেয়ে মাছ রান্না না করে বাড়িতেই বানান বাংলাদেশি স্টাইলে কাসন পোড়া ঝোল, রইল রেসিপি
জানিয়ে রাখা প্রয়োজন, দেশীয় ব্রোকারেজ সংস্থা মতিলাল ওসওয়ালও এই কোম্পানির শেয়ারটিকে সেল রেটিং দিয়েছে। এই সংস্থার বিশেষজ্ঞদের দাবি, এই মুহূর্তে শেয়ারটির দাম বেশি থাকলেও আগামী দিনে এর দাম অনেকটাই কমে যেতে পারে। তাতে আখেরে ক্ষতি হবে বিনিয়োগকারীদেরই। তাই সময় থাকতে থাকতে এই শেয়ার বিক্রি করে দেওয়াই ভাল!
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)