সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মুখে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে বিপদ ডেকে এনেছে সরকার। চিংড়িঘাটা উড়ালপুলে (Chingrighata Flyover) দেওয়া হয়েছে রঙের প্রলেপ। তবে বৃষ্টি হতেই সেই রং বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বাইকারদের। বুধবার উড়ালপুল দিয়ে যাওয়ার সময় একের পর এক বাইক আরোহী স্কিড খেয়ে ছিটকে পড়েন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সমালোচনা শুরু হতেই মোক্ষম পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। দুর্ঘটনা রুখতে করা হল বিশেষ ব্যবস্থা।
চিংড়িঘাটা ফ্লাইওভারে বসল ফাইবার পিভার ব্লক
দুর্গাপুজোয় শহর কলকাতাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে বিজেপি সরকার। সেই সূত্রে চিংড়িঘাটা উড়ালপুলজুড়ে করা হয় রঙের প্রলেপ। তবে বৃষ্টি হতেই পিছলে পড়েন একের পর এক বাইকার। সরকারের এই পদক্ষেপকে কাঠগড়ায় তুলে তুলোধোনা করতে শুরু করেন আমজনতা। তবে রাতারাতি নেওয়া হল বড় পদক্ষেপ। আসলে রাস্তার মসৃণতা বাড়ার কারণেই বিপদ বাড়ে বাইকারদের। সেই কারণে গতকাল রাতভর ওই ফ্লাইওভার বন্ধ করে বসানো হল বিশেষ ফাইবার পিভার ব্লক।
সূত্রের খবর, যাতে রাস্তার মসৃণতা কমে, সেই লক্ষ্যে বুধবার সারারাত এই ফ্লাইওভারে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রেখে প্রতি ১০ মিটার অন্তর জুড়ে বসানো হয়েছে ফাইবার পিভার ব্লক। সরকারের এই সিদ্ধান্তে খুশি আমজনতা। অনেকেই বলেছেন, “সাধারণ মানুষের কথা ভেবে রাতারাতি দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা করেছে সরকার। এর জন্য মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মানুষের নিরাপত্তাও বাড়ল, আবার পুজোর সৌন্দর্যও বজায় থাকল।”
আরও পড়ুন: পুজোর মাসে অন্নপূর্ণা যোজনায় বাদ লক্ষ লক্ষ মহিলার নাম, কারা পড়ছেন সেই তালিকায়?
যদিও এ বিষয়ে আগেই মুখ খুলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মিডিয়াকে তিনি জানিয়েছিলেন, “আমিও ভিডিওটি দেখতে পেয়েছি। চিংড়িঘাটা ব্রিজে একটি মোটরসাইকেল স্কিড করে এবং সেটি গিয়ে অন্য একটি বাইকে ধাক্কা মারে এবং সেটিও পড়ে যায়। কিন্তু কী কারণে ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে এবং বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে।”