অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগণা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একাধিক বিশালাকার ও অত্যন্ত মূল্যবান সেলে মাছ (Sele Fish), যা ‘লাক্ষা’ মাছ নামেও পরিচিত। মোট পাঁচ থেকে ছয়টি মাছ জেলেদের জালে উঠেছে, যার প্রতিটির গড় ওজন ২০ থেকে ২২ কেজির মতো। এর মধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন প্রায় ৩১ কেজি। এই বিরল মাছগুলোকে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে নিয়ে আসা হয়েছে, যেখানে মৎস্য ব্যবসায়ীদের জন্য একটি নিলামের আয়োজন করা হয়। স্বাভাবিকভাবেই এই মূল্যবান মাছগুলো জালে পড়ায় ভালো মুনাফার আশায় মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে।
কেন সেলে মাছের দাম বেশি?
সেলে মাছ এক ধরনের বড় সামুদ্রিক মাছ। ৩০ থেকে ৬০ কেজি পর্যন্ত ওজনের সেলে মাছ বঙ্গোপসাগরে পাওয়া যায়। তবে মৎস্যজীবীদের জন্য একসঙ্গে এতগুলো বড় সেলে মাছ ধরা পড়ার ঘটনা বেশ বিরল। ফলে, মাছগুলো দেখতে বাজারে ভিড় জমান কৌতূহলী মানুষরা এবং ক্রেতারা সেগুলো কিনতে আগ্রহ প্রকাশ করেন।
সেলে মাছের উচ্চ মূল্যের প্রধান কারণ হলো এর ‘পটকা’ বা বায়ুথলি। বিশেষ ধরনের ওষুধ, সার্জিক্যাল সুতো ও প্রসাধন সামগ্রী তৈরির জন্য সেলে মাছের পটকার ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া, এই মাছ অত্যন্ত পুষ্টিকর বলেও মনে করা হয়। মৎস্যজীবীরা জানাচ্ছেন, সেলে মাছ প্রতি কেজি ১,৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে পারে, অর্থাৎ একটি বড় মাছ থেকেই ৫০ – ৬০ হাজার টাকা উপার্জন করা যায়।
আরও পড়ুন: হলদিয়া থেকে দুর্গাপুর যাওয়ার রাত্রিকালীন বাস, জানুন রুট ও সময়সূচি
ডায়মন্ড হারবারের সুপরিচিত মৎস্য বাজারগুলোর মধ্যে অন্যতম হল নগেন্দ্র বাজার। এখানে ইলিশ, বড় আকারের চিংড়ি এবং পমফ্রেট সহ নানা ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তবে সেলে মাছের আগমন বাজারে এখন বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে, কারণ এই মাছ সচরাচর বাজারে দেখা যায় না। তবে মাঝেমধ্যে এ রকম প্রাপ্তি জেলেদের বড় ধরনের লাভের মুখ দেখায়।