প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড উত্তরপাড়ায় (Uttarpara)। অভিযোগ, বৃদ্ধার গলা চেপে মুখে গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলের। এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন। পরে বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনাকে (Uttarpara Assault Case) কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী,গতকাল বৃহস্পতিবার ভোরে গাড়ি নিয়ে মাখলা মাকালতলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। তখনই, ওই বৃদ্ধাকে ধাক্কা মারেন ওই অভিযুক্ত। এমনকি, ঘাড় ধরে বৃদ্ধার মুখ নিজের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ। চিৎকার, চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তখন তাঁরাই অভিযুক্তকে ধরে ফেলেন। এর পরে ওই বৃদ্ধা উত্তরপাড়া থানায় গিয়ে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ভয়ংকর অভিজ্ঞতা জানালেন নির্যাতিতা
নির্যাতিতা এদিন সাংবাদিকদের সামনে সেই ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর অভিযোগ, “মানিকতলায় টোটো ধরার জন্য আমি রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওই যুবক একা একাই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখনই আমাকে রাস্তায় ফেলে দেয় এবং ঘাড় ধরে আমার মুখ ওই যুবকের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলে আশেপাশের সকলে ছুটে আসে আমাকে বাঁচাতে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিক অভিযোগ রয়েছে ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে।
আরও পড়ুন: দুর্গাপুরে বিজেপির অনুষ্ঠান মঞ্চে নচিকেতা, বালি মাফিয়াকেও সংবর্ধনা, তুমুল বিতর্ক
যৌন হেনস্থার এই ঘটনায় চন্দননগরের পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হবে শীঘ্রই।’’ অন্যদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা তাপস দেব বলেন, ‘‘ রাজ্যে পালাবদলের পরই মানুষ এদের বিরুদ্ধে মুখ খুলছেন। অভিযুক্তের বাবার বিরুদ্ধেও এক মহিলাকে ভিডিয়ো কল করে কুপ্রস্তাব দেওয়া অভিযোগ রয়েছে। এবার সব খোলসা হবে।’’ যদিও এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।