বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে (Dinesh Trivedi) বহিষ্কার করার দাবি উঠলো বাংলাদেশে (Bangladesh)! কয়েকটি সূত্র মারফত খবর, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের তরফে নাকি সে দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দ্রুত তলব করে তাঁকে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি ইনকিলাবের এক রিপোর্ট অনুযায়ী, ওপার বাংলার ইসলাম ধর্মালম্বীদের একটা বড় অংশ ভারতে মুসলিমদের উপর অত্যাচারের অভিযোগ তুলে দীনেশ ত্রিবেদীকে দেশ ছাড়া করার আহ্বান জানাচ্ছে!
ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করবে বাংলাদেশ?
রাজ্যে ক্ষমতার হাত বদল হওয়ার পরই বাংলাদেশের কিছু কট্টরপন্থী ইসলাম ধর্মালম্বী দাবি করে আসছে, বাংলা তথা ভারতের বুকে নাকি নানাভাবে অত্যাচারিত হচ্ছেন মুসলিমরা। যদিও এমন অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা। এমতাবস্থায়, শুক্রবার সমিরন ভট্টাচার্য নামক এক বাংলাদেশি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “29 অক্টোবর দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে আমরা বাধ্য করব। ইনশাআল্লাহ! —ইনকিলাব মঞ্চ”
সরাসরি ওই পোস্টে নিজেকে ইনকিলাব মঞ্চের সদস্য বলে দাবি না করলেও নিজের লেখায় ইনকিলাব মঞ্চের নাম উল্লেখ করেছেন তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাংলাদেশের এক ইসলাম ধর্মলম্বীকে বলতে শোনা যায়, “নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতে মুসলিম ভাইদের উপর প্রতিদিন অত্যাচার হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের কিছু হলে ভারত সরকার সাথে সাথে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু ভারতে হাজার হাজার মুসলিমের উপর অত্যাচার হচ্ছে।”
আরও পড়ুন: ‘জ্ঞান দেওয়ার কোনও অধিকার নেই’ জাতিসংঘে পাকিস্তানকে ফের ‘শিক্ষা’ দিল ভারত
ওই ব্যক্তির দাবি, ভারতে ইচ্ছেমতো মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। তাঁদের ঘরবাড়ি উচ্ছেদ করা থেকে শুরু করে নানাভাবে মুসলিমদের নিধন করছে। এরপরই ওই ব্যক্তি বলেন, “আমরা তারেক রহমান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব আপনারা ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে তলব করুন এবং ভারতে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে সেটার বিষয়ে তাঁকে বলুন যেন এগুলো থামানো হয়। আর যদি তারপরেও এসব না থামে তাহলে দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি।” ওপার বাংলায় ভারতীয় হাই কমিশনারের বহিষ্কারের দাবি উঠলেও এ নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি নয়া দিল্লি।