সৌভিক মুখার্জী, কলকাতা: সিজেপির প্রধান তিন মুখ অভিজিৎ দীপকে (Abhijeet Dipke), সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা। সম্প্রতি সৌরভ এবং আশুতোষকে দিল্লি পুলিশ আটক করার পর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেন অভিজিৎ। তবে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে অভিজিতের সঙ্গে নাকি সৌরভ এবং আশুতোষের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। এ নিয়ে এবার মুখ খুললেন সিজেপির প্রধান। মিডিয়াকে অভিজিৎ বললেন, “আমি ওদের দুজনকেই গালি দিয়েছি।”
সৌরভ এবং আশুতোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের
সম্প্রতি এক মিডিয়া চ্যানেলকে সাক্ষাৎকার দিতে যান সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। সেখানে তিনি তাঁদের পারিবারিক সম্পর্ক আর সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তিগত চ্যালেঞ্জ নিয়ে একেবারে খোলসা মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় বিগত কিছুদিন ধরেই একটি সুপরিকল্পিত প্রচার চলছে বলে দাবি অভিজিতের। সেখানে বলা হচ্ছে, সিজেপির অন্দরে ভাঙন ধরেছে। আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস আলাদা হয়ে গিয়েছেন এবং মূল পরিকল্পনাকারী অভিজিৎ দীপকে রাগ করে মহারাষ্ট্রে চলে গিয়েছেন।
এই দাবির পরিপ্রেক্ষিতে সমস্ত জল্পনা উড়িয়ে অভিজিৎ ব্যাঙ্গাত্মক সুরে বলেন, “ভাই, আপনি যে ষড়যন্ত্র তত্ত্বই লিখতে চান না কেন সেগুলি ভালোভাবে লিখুন। অর্থাৎ সেগুলো যেন বিশ্বাসযোগ্য হয়। জেল থেকে বেরিয়েই আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাসকে আমি গালিগালাজ করেছিলাম। সে বিষয়ে আর কী বলব? আমি ওদের দুজনকেই বলেছিলাম যে তোমরা গ্রেফতার হও, আর আমাকে এখানে তোমাদের পরিবারের সঙ্গে কথা বলতে হবে। আমি তাঁদের এবং আমার পরিবারকে কাউন্সিলিং করার চেষ্টা করছি।”
আরও পড়ুন: বাতিল সরকারি কর্মীদের ছুটি, বন্ধ স্কুল-কলেজ! ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
এমনকি পরিবার ও সতীর্থদের পাশে থাকার বার্তা দিয়ে অভিজিৎ দীপকে উল্লেখ করেন যে তিনি যেভাবে নিজের পরিবারকে পুরো পরিস্থিতি বুঝিয়েছিলেন, ঠিক তেমনই আশুতোষ এবং সৌরভের পরিবারকেও বিষয়টি বোঝাতে হয়েছে। যেহেতু তিনি এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মাঠে নেমেছেন, তাই তাঁকেই দায়িত্ব পালন করতে হবে। এমনকি সতীর্থদের ঐক্যের বার্তা দিয়ে অভিজিৎ জানিয়েছেন, এখন থেকে তাঁরা যেখানেই যাবেন, তিনজন একসঙ্গেই থাকবেন। তাঁর কথায়, “আমাকে ছাড়া বাগানে কেউ একা ঘুরবে না।” তিনি তাঁদের দুজনের সঙ্গে বসে ঠিক করবেন যে পরবর্তী সময়ে কে কোন দায়িত্ব নেবেন।