অনন্যা সরকার, মহারাষ্ট্র: নিজের কাকার বাড়ি থেকে সোনার গয়না (Gold Jewellery) চুরির অভিযোগে মহারাষ্ট্রের কোলাপুরে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত যুবকের নাম সমর চবন। অভিযোগ করা হয়েছে যে, ওই যুবক তার কাকা উমেশ মারুতি চবনের বাড়ি থেকে প্রায় ১৫০ গ্রাম সোনা চুরি করে। এরপর সে ওই গয়নাগুলো একটি সোনার দোকানে ১০ লক্ষ টাকায় বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে একটি মাহিন্দ্রা থার (Mahindra Thar) এসইউভি (SUV) গাড়ি কেনে। এই ঘটনা জানার পর আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
কাকিমার গয়না চুরি করে তাকেই গাড়ি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ
সমর চবন নামের ওই যুবকটি তার কাকিমার গয়না চুরি করে তাঁকেই নতুন গাড়িটির পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল বলে শোনা যাচ্ছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গাড়িটির পুজোর প্রস্তুতির সময় এই চুরির বিষয়টি সামনে আসে। পরিবারের সিন্দুক পরীক্ষা করতে গিয়ে উমেশ দেখেন যে, তাঁর স্ত্রীর গয়নাগুলো সেখানে নেই। প্রথমে পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে, এই চুরির সঙ্গে পরিবারের পরিচিত কেউ জড়িত থাকতে পারে। তবে, বাইরে থেকে কোনো ব্যক্তি বাড়িতে ঢুকেছে, এমন কোনো স্পষ্ট চিহ্ন না থাকায়, উমেশ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তের সময় পুলিশ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি চালায়। ১৯ বছর বয়সী সমর কীভাবে এত দামি একটি এসইউভি গাড়ি কেনার সামর্থ্য অর্জন করল, তা নিয়েও তদন্ত শুরু হয়। ডিএসপি শ্রীকান্ত থিকানের নেতৃত্বাধীন একটি তদন্তকারী দল সমরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মুখে সে তার কাকার বাড়ি থেকে সোনার গয়না চুরির কথা স্বীকার করে নেয় বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী একসঙ্গে না থাকলে দুজনেই পাবেন বাড়ি ভাড়া ভাতা, রায় কলকাতা হাইকোর্টের
এই ঘটনায় পুলিশ ভাইপো সমর চবনকে গ্রেফতার করার পাশাপাশি যে স্বর্ণকার চুরি হওয়া গয়নাগুলো কিনেছিলেন, তাকেও গ্রেফতার করেছে। এই ঘটনার কথা জানতে পেরে পুরো পরিবার কার্যত হতবাক হয়ে পড়েছে। বিশেষ করে, চুরি করা সম্পদ বিক্রি করে কেনা গাড়ির পুজোতেই সেই কাকাকে আমন্ত্রণ জানানোর যে বেপরোয়া মনোভাব, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।