বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য বিজেপির (UP MLC Election)। যোগী রাজ্যে বিধান পরিষদ নির্বাচনে দাপট দেখালো পদ্ম শিবির। গত অক্টোবর মাসের 23 তারিখ, উত্তরপ্রদেশের বিধান পরিষদের 11টি আসনে হয়েছিল ভোট গ্রহণ। সেই 11 আসনের চারটিতে জিতেছে বিজেপি। রিপোর্ট যা বলছে তাতে, বাকি আসনগুলির বেশ কয়েকটিতে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থীরা। অন্যদিকে বারাণসীর বিধান পরিষদ আসনে জিতেছে সমাজবাদী পার্টি। এর পাশাপাশি আরও দুটি আসনে এগিয়ে রয়েছে অখিলেশ যাদবের দল।
উত্তরপ্রদেশে ফের সাফল্য বিজেপির
23 অক্টোবর ভোটগ্রহণ শেষ হওয়ার পর গতকাল সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে ভোট গণনা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লখনউ, বারাণসী, বরেলি, ঝাঁসি, আগ্রা, মেরঠ এবং গোরক্ষপুরে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মোট 11 আসনের মধ্যে পাঁচটি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে চারটিতেই জিতেছে ভারতীয় জনতা পার্টি। একটিতে জয় পেয়েছে সমাজবাদী পার্টি। এই ট্রেন্ডই বলে দিচ্ছে বাকি আসনগুলির বেশিরভাগই দখলে যেতে পারে বিজেপির।
যদিও, এখনও পর্যন্ত যা খবর তাতে যে 6টি আসনে ফলাফল প্রকাশিত হওয়া বাকি। সেই সব আসনের 3টিতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে দুটি আসনে। এখন দেখার শেষ পর্যন্ত উত্তর প্রদেশ বিধান পরিষদ নির্বাচনের ফলাফল ঠিক কোন দিকে গড়ায়।
আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ফের দাম কমল সোনা, রুপোর! আজকের রেট
তবে যে কথা না বললেই নয়, আপাতত 4 আসনে জিতে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য পেলেও বারাণসীতে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি। সমাজবাদী পার্টির বিহারী লাল যাদবের কাছে হেরেছেন বিজেপি প্রার্থী প্রমোদ মিশ্র। শিক্ষকদের জন্য সংরক্ষিত বারাণসী আসনে হেরে গেলেও বরেলি- মোরাদাবাদে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে আবার জয় পেয়েছেন বিজেপির প্রার্থী হরি সিং।