সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন ধরে নোটবন্দির স্মৃতি বহন করে চলা ১০০০ টাকার নোট (1000 Rupee Note) কি আবারও নতুন রূপে বাজারে ফিরতে চলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি হলুদ রংয়ের ১০০০ টাকার নোটের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মধ্যেই। এমনকি ইন্সট্রাগ্রাম, এক্স এবং টেলিগ্রামের মতো বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নোটের ছবি এখন ভাইরাল। জানুন আসলে সত্যি।
বাজারে আসছে ১০০০ টাকার নোট?
আসলে সাম্প্রতিক বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছিল যে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা কেন্দ্র সরকার নতুন করে ১০০০ টাকার নোট বাজারে আনতে চলেছে। এমনকি অনেক জায়গায় নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করে বলা হচ্ছিল যে ওই দিন থেকেই নতুন নোট হাতে পাবেন আমজনতা। একটি হলুদ রঙের ১০০০ টাকার নোটের ছবি পোস্ট করেই এই খবরটি ছড়ানো হচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে দিনের পর দিন বিভ্রান্তি সৃষ্টি করছে।
আরও পড়ুন: ঋতব্রত শিবির ছেড়ে ফের মমতার তৃণমূলে ফিরলেন এক বিধায়ক
তবে এই সমস্ত জল্পনা এবং ভাইরাল দাবিকে ভিত্তিহীন আর ভুয়ো বলেই উড়িয়ে দিল কেন্দ্র সরকারের ফ্যাক্ট চেক সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। পরিস্থিতির গুরুত্ব বুঝেই ময়দানে নেমে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে তারা সাফ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ১০০০ টাকার নোট চালুর যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন কোনও ১০০০ টাকার নোট বাজারে আনার পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এমনকি সংস্থার তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর এবং যাচাই না করা তথ্য সোশ্যাল মিডিয়ায় অন্ধভাবে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকুন। যে কোনও আর্থিক বা নীতিগত খবরের ক্ষেত্রে অবশ্যই সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ঘোষণার দিকেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে পিআইবি-র তরফ থেকে।
🚨 FAKE ₹1,000 NOTE ALERT!
Several social media posts claim that a new ₹1,000 note has been issued.#PIBFactCheck
❌ This claim is fake.
✅ The @RBI has made no announcement regarding the issuance of a new ₹1,000 note.
🔸 Verify information through official sources and do… pic.twitter.com/Mf9giXrLva
— PIB Fact Check (@PIBFactCheck) October 27, 2026
আরও পড়ুন: অর্থ কমিশনের প্রথম কিস্তির ৪৬৮ কোটি টাকা ছাড়ল নবান্ন
জানিয়ে রাখি, ২০১৬ সালের ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নোটবন্দির ঘোষণা করা হয়। সেই সময় আইনি বৈধতা হারিয়েছিল প্রচলিত ৫০০ এবং ১০০০ টাকার নোট। কালো টাকা ও জাল নোটের কারবার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। সেই সময় ১০০০ টাকার নোট আর ফিরিয়ে না এনে পরবর্তী সময়ে নতুন নকশার ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট বাজারে আনে আরবিআই। যদিও ২০২৩ সালের মে মাসে সেই ২০০০ টাকার নোটও বাতিল করা হয়।