সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের পরাজয়ের পর থেকেই বেহাল দশা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। গতকালের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনকে করা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অন্যদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর, যেগুলি নিয়ে চলছে তদন্ত। তবে সেই তথ্য মিডিয়ার মাধ্যমে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে, এমনটা দাবি তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। এর আগে হাইকোর্টে গেলেও সেখানে স্বস্তি না মেলায় এবার সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক।
ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিভিন্ন থানায় একাধিক অভিযোগে দায়ের করা হয়েছে এফআইআর। কোথাও চাকরি চুরি, কোথাও ত্রাণ চুরি, কোথাও কয়লা পাচার ইত্যাদি অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যেই রক্ষাকবচ পেয়েছেন তিনি। তবে সংবাদমাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছে। এমনকি তদন্ত চলাকালীন তদন্তের অগ্রগতি, জিজ্ঞাসাবাদের বিষয়সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলেই দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওঠে সেই মামলা। তবে বিচারপতি জানিয়েছিলেন যে বিষয়টি তাঁর বিচারের এক্তিয়ারভুক্ত নয়। পরে মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে এবং সেখানে অভিষেক জরুরি ভিত্তিতে শুনানি চান। তবে বিচারপতি জানিয়ে দেন যে দ্রুততার সঙ্গে এই মামলার শুনানির প্রয়োজন নেই। নির্ধারিত তালিকা অনুযায়ী শুনানি হবে। সেই সূত্রেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।
আরও পড়ুন: “ওনার মাথা খারাপ হয়ে গেছে” অভিষেকের ‘ধমকানো’র পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
এদিন সর্বোচ্চ আদালতে তৃণমূল সাংসদ জানিয়েছেন, তদন্ত সংক্রান্ত কোনও তথ্য যাতে সংবাদমাধ্যমের মারফত বাইরে না আসে, পুলিশকে তা নিশ্চিত করার নির্দেশ দিতে হবে অথবা আদালতে জানিয়ে দিক, তদন্তে প্রভাব পড়তে পারে এবং সম্মানহানি হয়—এমন খবর প্রকাশ করা থেকে বিরত থাকে সংবাদমাধ্যমগুলি। কারণ, তদন্ত চলাকালীন সাংসদের ব্যক্তিগত তথ্য, তদন্তের অগ্রগতি এবং জিজ্ঞাসাবাদের বেশ কিছু বিষয় সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত সম্মান, সুনাম, মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলেই খবর।