সহেলি মিত্র, কলকাতাঃ আচমকা বদলে গেল বাংলার আবহাওয়া। দুপুরেই যেন সন্ধে নেমে এল। যে কোনও মুহূর্তে বৃষ্টি (Rainfall Alert) নামতে পারে বলে পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। মাঝে থামলেও ফের একবার দুপুর থেকে বিকেলের মধ্যে তেড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া অফিস।
কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলায়
আজ দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ জেলায়। যদিও কোথাও বর্তমানে একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বাংলার আবহাওয়ার কিছুটা উন্নতি ঘটবে বলে খবর। এদিকে নতুন একটি নিম্নচাপ চিন্তা বাড়িয়েছে সকলের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে।
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এটির প্রভাব কোথাও বেশি পড়বে সেটা এখনও জোর দিয়ে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
আরও পড়ুনঃ নভেম্বরে ৭৪৫টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, উপকৃত হবেন বাংলার যাত্রীরাও
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক বিকেলে বা সন্ধের মধ্যে উত্তরবঙ্গের কোথাও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।