বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে বিগত 25 বছরে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী হিংসায় প্রাণ গিয়েছে বহু মানুষের। আর এই রাজনৈতিক হিংসার কারণে প্রিয়জনদের হারানো পরিবারগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! এই ধরনের পরিবারগুলির একজন করে সদস্যকে চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal)! নবান্ন সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের চাকরি দেওয়ার যে পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে, তা ইতিমধ্যেই গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভায়।
কোন কোন পরিবার পাবে চাকরির সুবিধা?
রাজ্য সরকারের বিশেষ কর্মসূচির অধীনে, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2019 সালের লোকসভা নির্বাচন ও নির্বাচনের পরে রাজনৈতিক হিংসার কারণে প্রাণ গিয়েছে এমন সব ব্যক্তিদের পরিবারগুলির একজন করে সদস্যকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার! শুধু তাই নয়, গত 25 বছরে রাজ্যের সমস্ত পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারগুলিকেও এই বিশেষ সুবিধার আওতায় আনা হবে।
সূত্রের যা খবর, যোগ্য পরিবারগুলিকে চাকরির আওতায় আনতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন প্রকাশ করতে পারে রাজ্য সরকার। এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমেই সংশ্লিষ্ট পরিবারগুলির কাছে পৌঁছবে সরকারি বার্তা। পরবর্তীতে সেই বিজ্ঞাপন দেখেই আগ্রহী পরিবারগুলি জেলা প্রশাসনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে পারবে। জেলা প্রশাসনের কাছে ব্যক্তির মৃত্যুর কারণ থেকে শুরু করে ঠিক কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এইসব তথ্য জানানোর পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে পরিবারগুলিকে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হল বৈভব সূর্যবংশীকে, পরে ফিরতে পারেন এই শর্তে
জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্য সরকারের এই পরিকল্পনা অনুমোদন পেয়েছে রাজ্য মন্ত্রিসভার। আইনি দপ্তরেও অনুমোদন পেয়ে গিয়েছে এটি। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা করে নিয়ম মেনে ধাপে ধাপে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক হিংসার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যোগ্য সদস্যদের চাকরি দেবে রাজ্য। সেক্ষেত্রে পরিবারগুলির যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসন।