আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কর্মরত আউটসোর্সিং কর্মীদের (Outsourced Employees) জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। দীর্ঘদিন ধরেই এই কর্মীদের পারিশ্রমিক এবং সামাজিক সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। সেই পরিস্থিতিতে ২০২৬-এর গত ২ সেপ্টেম্বর লোকভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে মাসিক পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার উদ্যোগের সূচনা হয়। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে সরকার। গত ২ নভেম্বর এই নিয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নিয়মে কর্মীদের চারটি শ্রেণিতে ভাগ করে মাসিক পারিশ্রমিকের হার নির্ধারণ করা হয়েছে। ফলস্বরূপ রাজ্যের প্রায় ২.৭২ লক্ষ আউটসোর্সিং কর্মী উপকৃত হবেন।
কত বৃদ্ধি করা হল পারিশ্রমিক?
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে আউটসোর্সিং কর্মীদের পারিশ্রমিকের নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন সচিবালয় প্রশাসন দফতরের প্রধান সচিব মনীশ চৌহান। সরকারি নির্দেশ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতে কর্মীদের শ্রেণি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রথম শ্রেণি বাদে বাকি তিনটি শ্রেণির কর্মীদের পারিশ্রমিক প্রায় দেড় গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, চারটি শ্রেণির কর্মীদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হল–
- প্রথম শ্রেণি: ৩৯,০০০ টাকা।
- দ্বিতীয় শ্রেণি: ২১,৯৪৭ টাকা।
- তৃতীয় শ্রেণি: ১৯,৪৪৬ টাকা।
- চতুর্থ শ্রেণি: ১৭,৬৪৬ টাকা।
তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের ক্ষেত্রে নির্ধারিত পারিশ্রমিক থেকে EPF এবং ESI বাবদ কিছু পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে। ফলে হাতে পাওয়া টাকার পরিমাণ কিছুটা কমবে। প্রথম শ্রেণির কর্মীদের ক্ষেত্রে EPF ও ESI বাবদ কোনও টাকা কাটা হবে না।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, নতুন পারিশ্রমিকের হার ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য করা হবে। সেই কারণে নভেম্বর মাসে অক্টোবরের পারিশ্রমিকের সঙ্গে সেপ্টেম্বরের বকেয়া টাকাও কর্মীদের দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি, কোনও কর্মী যদি আগে থেকেই নির্ধারিত নতুন হারের তুলনায় বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাঁর প্রাপ্য অর্থ আর কমানো যাবে না। কর্মীদের EPF ও ESI-র ক্ষেত্রে নিয়োগকর্তার অংশের টাকা সংশ্লিষ্ট দফতর বহন করবে। এমনকি ১৮ শতাংশ GST, সার্ভিস চার্জ এবং উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশনের এক শতাংশ সেন্টেজ চার্জের খরচও সরকারি দফতরগুলিকেই দিতে হবে।
আরও পড়ুন: জনগণনায় ব্যস্ত শিক্ষকরা, এবার পিছোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও!
বলাই বাহুল্য, যোগী আদিত্যনাথ সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরে কাজ করা প্রায় ২.৭২ লক্ষ কর্মী সরাসরি উপকৃত হবেন। সরকারের তরফে জানানো হয়েছে, EPF এবং ESI-তে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অবদানের ফলে কর্মীরা ভবিষ্যতে আর্থিক ও সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন। পাশাপাশি, EPF-এ জমা হওয়া অর্থ পরবর্তীকালে সংশ্লিষ্ট কর্মীরাই পাবেন।