বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ (India Vs New Zealand) শুরু হওয়ার আগেই বড় মন্তব্য করলেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় তারকার দাবি, সবকিছু যদি তাঁর হাতে থাকতো তবে ওয়ানডে এবং টেস্ট সিরিজের মাঝে একটি টি-টোয়েন্টি সিরিজ রাখতেন তিনি। ভারতীয় দলের (Team India) অধিনায়কের বক্তব্য, প্রথমে ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি এবং সবার শেষে টেস্ট সিরিজ খেললে টিম ইন্ডিয়া পূর্ণশক্তি নিয়ে খেলতে পারতো। তবে গিলের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক!
ঠিক কী বলেছেন অধিনায়ক গিল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় দলের অধিনায়ক গিল একেবারে খোলাখুলি জানান, “যদি সবকিছু আমার হাতে থাকতো এবং সমস্ত খেলোয়াড় যদি ফিট থাকতেন সে ক্ষেত্রে আমি অবশ্যই চাইতাম আমাদের মূল স্কোয়াডের সবাই পুরো পাঁচটি ওয়ানডে ম্যাচে খেলুক। তবে টেস্ট সিরিজও আমাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যদি আমরা প্রথমে ওডিআই, তারপর টি-টোয়েন্টি এবং সবার শেষে টেস্ট সিরিজ খেলতাম তবে আমরা পূর্ণশক্তি নিয়ে খেলতে পারতাম।”
বলা বাহুল্য, ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি নিয়ে বেশ খানিকটা অসন্তুষ্ট অধিনায়ক শুভমন। আগেই এই সময়সূচিতে পরিবর্তন চেয়েছিলেন তিনি। 2027 সালের জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এছাড়াও আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও ভারতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কমবেশি সকলেই জানেন, ওয়ানডে এবং টেস্ট সিরিজের মধ্যে স্বল্প বিরতির কারণে গোটা ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন বুমরাহ। এছাড়াও গিল সহ টেস্ট ক্রিকেটের বেশ কয়েকজন খেলোয়াড় চতুর্থ এবং পঞ্চম ওয়ানডেতে খেলতে পারবেন না।
আরও পড়ুন: পাকিস্তান সন্ত্রাসবাদের আশ্রয়দাতা’ ইমরান খানকে নিশানা করতে গিয়ে স্বীকার করলেন শেহবাজ!
প্রসঙ্গত, লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে দেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বেশ খানিকটা বদল এসেছে। আর ঠিক সে কারণেই WTC ফাইনালে ভারতকে নিয়ে আশা প্রকাশ করেছেন গিল। তাঁর বক্তব্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্ট এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচে ভাল খেলে সফল হতে পারলে ফাইনালে জায়গা করে নিতে পারবে ভারত।