আনিষা চৌধুরী, কলকাতা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) অ্যাকাউন্ট রয়েছে? দীর্ঘদিন ধরে সেই অ্যাকাউন্টে কোনও লেনদেন করেননি? এমন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে এই ব্যাঙ্ক। আগামী ১০ নভেম্বর ২০২৬-এর পর নির্দিষ্ট কিছু নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে PNB। ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে গ্রাহকের তরফে কোনও লেনদেন হয়নি এবং ব্যালান্স শূন্য, সেগুলিই এই পদক্ষেপের আওতায় আসতে চলেছে।
কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হতে পারে?
PNB-র ২৬ অক্টোবর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত গত তিন বছরে যে সমস্ত অ্যাকাউন্টে গ্রাহকের উদ্যোগে কোনও লেনদেন হয়নি এবং অ্যাকাউন্টে কোনও টাকা নেই, সেগুলি বন্ধ করা হতে পারে।
- অ্যাকাউন্টে কোনও টাকা নেই, অর্থাৎ ব্যালান্স জিরো।
- ৩০ সেপ্টেম্বর ২০২৩-এর পর থেকে কোনও গ্রাহক নিজ উদ্যোগে লেনদেন করেননি।
- ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টানা তিন বছর অ্যাকাউন্টে কোনও কার্যকলাপ নেই।
- পুরনো সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি দীর্ঘদিন ব্যবহার না হওয়া স্যালারি অ্যাকাউন্টও এর আওতায় আসতে পারে।
দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ভুল কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে অননুমোদিত লেনদেন বা জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতে এবং ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ করছে PNB।
কোন কোন কাজকে লেনদেন বা কার্যকলাপ হিসেবে ধরা হবে?
- অ্যাকাউন্টে টাকা জমা বা তোলা।
- অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন করা।
- ব্যাঙ্কের নির্দিষ্ট পরিষেবা বা পণ্যের জন্য অনুরোধ জানানো।
- ATM, ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট নন-ফিনান্সিয়াল কার্যকলাপ করা।
- নির্ধারিত পদ্ধতিতে KYC আপডেট করা।
অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে কী করবেন?
যাঁদের অ্যাকাউন্ট এই শর্তের আওতায় পড়ছে, তাঁদের ১০ নভেম্বর ২০২৬-এর আগে অ্যাকাউন্ট পুনরায় চালু করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এজন্য নিকটবর্তী PNB শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় KYC নথি জমা দিতে হবে। অ্যাকাউন্ট পুনরায় চালু করতে সাধারণত যে নথিগুলি প্রয়োজন হতে পারে:
- আধার কার্ড।
- পাসপোর্ট।
- ভোটার পরিচয়পত্র।
- ড্রাইভিং লাইসেন্স।
- PAN কার্ড।
- অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য আবেদনপত্র।
- ব্যাঙ্কের KYC নীতি অনুযায়ী প্রয়োজনীয় অতিরিক্ত নথি।
কীভাবে KYC আপডেট করবেন?
গ্রাহকদের সুবিধার জন্য PNB একাধিক মাধ্যমে KYC আপডেট করার সুযোগ রেখেছে। সব ক্ষেত্রেই যে ব্যাঙ্কে ছুটতে হবে, এমন নয়। প্রয়োজন অনুযায়ী এই পদ্ধতিগুলো ব্যবহার করুন–
১. PNB ONE অ্যাপের মাধ্যমে:
- প্রথমে PNB ONE মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে।
- মাই প্রোফাইল বিভাগে যেতে হবে।
- চেক KYC স্ট্যাটাস অপশন নির্বাচন করতে হবে।
- এরপর আপডেট KYC অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে।
২. ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে:
- PNB-র ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবায় লগ ইন করতে হবে।
- পার্সোনাল সেটিংস বিভাগে যেতে হবে।
- KYC স্ট্যাটাস পরীক্ষা করতে হবে।
- আপডেট KYC অপশন থেকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
৩. SMS-এর মাধ্যমে:
- KYC সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন না হলে SMS-এর মাধ্যমেও আপডেটের সুযোগ রয়েছে।নির্দিষ্ট ফরম্যাটে
- KYCNC লিখে তার সঙ্গে Customer ID-র শেষ চারটি সংখ্যা যোগ করতে হবে।
- SMS পাঠাতে হবে 9264092640 অথবা 5607040 নম্বরে।
- এই পরিষেবা মূলত তাঁদের জন্য, যাঁদের পুরনো KYC তথ্যে কোনও পরিবর্তন হয়নি।
৪. ইমেল অথবা পোস্টের মাধ্যমে:
- ব্যাঙ্কে রেজিস্টার করা ইমেল আইডি থেকে KYC আপডেটের আবেদন পাঠানো যাবে।
- প্রয়োজনীয় স্ব-স্বাক্ষরিত নথির কপি সংযুক্ত করতে হবে।
- চাইলে পোস্টের মাধ্যমেও নিজের Home Branch-এ নথি পাঠানো যাবে।
৫. WhatsApp-এর মাধ্যমে: PNB-র নির্ধারিত WhatsApp ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমেও KYC সংক্রান্ত সুবিধা পাওয়া যায়।
৬. ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে: PNB-র কর্পোরেট ওয়েবসাইটে উপলব্ধ নির্দিষ্ট পরিষেবা ব্যবহার করেও KYC আপডেট করা যাবে।
৭. সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে: অনলাইন পদ্ধতিতে অসুবিধা হলে নিকটবর্তী PNB শাখায় গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে KYC প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।
KYC আপডেটের সময়সীমা
এখানে গ্রাহকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। PNB-র তরফে KYC আপডেটের জন্য দুটি আলাদা সময়সীমার কথা জানানো হয়েছে। যেসব অ্যাকাউন্টের KYC আপডেটের নির্ধারিত তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৬ বা তার আগে, সেগুলির KYC ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছিল। অন্যদিকে, তিন বছর ধরে লেনদেনহীন এবং জিরো ব্যালান্স থাকা অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য ১০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তারাপীঠে চুরি যাওয়া বাইক পুলিশের তৎপরতায় উদ্ধার হল কান্দিতে, গ্রেফতার অভিযুক্ত
অ্যাকাউন্টের অবস্থা জানতে কোথায় যোগাযোগ করবেন?
অ্যাকাউন্ট বন্ধের তালিকায় রয়েছে কি না কোনও গ্রাহক যদি সেটা বুঝতে না পারেন সেক্ষেত্রে সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করে নিন।
- নিকটবর্তী PNB শাখায় যোগাযোগ করুন।
- অ্যাকাউন্টের শেষ লেনদেনের তারিখ পরীক্ষা করুন।
- অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা রয়েছে, তা যাচাই করুন।
- KYC আপডেট করা প্রয়োজন কি না, তা জেনে নিন।
- প্রয়োজনে PNB-র টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করুন। PNB-র গ্রাহক পরিষেবার টোল-ফ্রি নম্বর– 1800-1800, 1800-2021