প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজো মিটতে না মিটতেই তাপমাত্রা বেশ ধীরে ধীরে কমছে রাজ্য জুড়ে। রাতের দিকে বেশ শীত শীত অনুভূত হয়। এদিকে সামনেই আসছে কালীপুজো, দীপাবলি (Diwali 2026)। তাই তার প্রস্তুতিতে উঠে পড়ে লেগেছে রাজ্যবাসী। এমতাবস্থায় তাণ্ডব শুরু করে দিয়েছে শ্যামাপোকা (Shyamapoka Insects)। জগদ্ধাত্রী পুজোর আগেই গোটা বাড়িতে তাণ্ডব চালাতে শুরু করে এই পোকা। সন্ধে হলেই ঘরে আলো জ্বালানোর জো নেই। কিন্তু জানেন কেন (GK) এই সময় শ্যামাপোকার উপদ্রব বাড়ে? রইল আসল তথ্য
শ্যামাপোকার জ্বালাতনে অতিষ্ঠ
কালীপুজো শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই সন্ধ্যা হলেই সবুজ পোকাগুলো দলে দলে নেমে আসে। রাস্তার লাইট, ঘরে বাল্বের চারপাশে ঘুরঘুর করে। এমনকি মোবাইল ফোনের স্ক্রিনে আলো দেখলেও পোকাগুলো ছুটে আসে। পরে আবার তাদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। কিন্তু অনেকের প্রশ্ন কেন এই শ্যামাপোকাগুলো পুজোর আগে আগে উদয় হয়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কেন কালীপুজোর আগে বাড়ে শ্যামা পোকা?
আসলে শ্যামাপোকার প্রধান খাদ্য হল ধান গাছের রস। প্রতিবছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ শীত আসার কিছু মুহূর্ত আগে পর্যন্ত হানা দেয় এরা। তবে সবচেয়ে বেশি উপদ্রব বাড়ে এই কালীপুজোর সময়। তাদের কাজ হল সদ্য শিস আসা ধান গাছ থেকে খাদ্য সংগ্রহ করে ফসলের সর্বনাশ করা। অন্যদিকে সামান্য আলোতে এই পোকাগুলো খুব জ্বালায়। সবচেয়ে বেশি বিরক্তি ধরত যখন এরা দলবেঁধে চোখে, কানে বা নাকের ভেতর ঢুকে পড়ত। তবে আগের তুলনায় এখন এই শ্যামাপোকার উপদ্রব অনেকটাই কমেছে।
আরও পড়ুন: জানেন কেন ধনতেরাসের দিন অনেকে ঝাঁটা কেনে?
বিজ্ঞানীদের মতে দূষণ, উষ্ণায়ন এবং কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে এই শ্যামাপোকার সংখ্যা ক্রমশ কমছে। আসলে খুব আর্দ্র পরিবেশ ছাড়া শ্যামাপোকা বাঁচতে পারে না। কিন্তু এখন সারা বছরই কমবেশি গরম থাকে। এমনকি আগের মতন এখন আর ধান চাষও হয় না। সে কারণেও শহরে শ্যামাপোকার সংখ্যা বেশ কমছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তবে এরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি, শুধু আগের চেয়ে অনেক কম দেখা যায় এদের। ভালোভাবে খুঁজলে দু-একটার দেখা ঠিকই মিলবে।