সহেলি মিত্র, কলকাতাঃ আর কতদিন এই বৃষ্টি চলবে? শীতই বা কবে পড়বে বাংলায়? এখন এই প্রশ্নই তোলা হচ্ছে সকলের তরফে। তারওপর কয়েকদিন পরেই রয়েছে কালীপূজো, দীপাবলি। তখনও বৃষ্টি হবে? উত্তর হল হ্যাঁ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগামী ৯ নভেম্বর থেকে বাংলার নতুন করে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলার আকাশের মুখ ভার। যে কোনও মুহূর্তে বৃষ্টি (Weather Today) নামবে বলে মনে হচ্ছে। সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক পূর্বাভাস সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া সহ প্রতিটি জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এদিন কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আবহাওয়া সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহান্তে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আরও পড়ুনঃ বাইক, স্কুটার কিনতে আরও বেশি অগ্রিম টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা! নির্দেশিকা নবান্নর
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কি বৃষ্টি হবে বাংলায়? আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সতর্কতা জারি নেই। এরপর আগামী ৯ নভেম্বর থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি কলকাতা।