বিক্রম ব্যানার্জী, কলকাতা: অক্টোবর মাস ছিল ছুটির মাস। 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী দিয়ে শুরু হয়েছিল ছুটি, এরপর দুর্গাপুজো মিলিয়ে টানা ছুটি পেয়েছিলেন পড়ুয়ারা (School Holiday)। তবে এ মাসেও কম ছুটি নেই। নভেম্বরে রয়েছে কালীপুজো, দীপাবলি থেকে শুরু করে ছটপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো উৎসব। ঠিক সে কারণেই এ মাসেও টানা ছুটি পাবেন স্কুল পড়ুয়ারা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নভেম্বর মাসে ঠিক কবে কবে বন্ধ থাকবে স্কুল।
নভেম্বর মাসে একাধিক ছুটি পাবেন পড়ুয়ারা
WBBSE-র মডেল ছুটির তালিকায় 15 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত পুজোর ছুটির উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে রবিবার বাদ দিয়ে মোট 25 দিন ছুটির কথা বলা হয়েছে ওই তালিকায়। তবে দুর্গাপুজোর পর লক্ষীপুজো কাটিয়ে খুলে গিয়েছে স্কুল। 26 অক্টোবর স্কুল খোলার পর বিদ্যালয়ে যাচ্ছেন পড়ুয়ারা। তবে আগামী 8 নভেম্বর রবিবার, যেহেতু কালীপুজো এবং দীপাবলি সেক্ষেত্রে পরের দুই দিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ছুটি পেতে পারেন রাজ্যের স্কুল পড়ুয়ারা। এই ছুটির উল্লেখ রয়েছে ওই তালিকায়। বলে দিই, 8 নভেম্বর রবিবার যেহেতু ছুটি ফলে একপ্রকার কালীপুজোর আগেই বন্ধ হচ্ছে স্কুল!
এছাড়াও আগামী 11 নভেম্বর ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, সেই উপলক্ষ্যে স্কুলপড়ুয়ারা পেতে পারেন পরপর দুদিনের ছুটি। অর্থাৎ 11 ও 12 তারিখ বন্ধ থাকতে পারে স্কুল। এদিকে 15 নভেম্বর রয়েছে আবার ছটপুজো। সেদিন রবিবার পড়ায় পরের দিন অর্থাৎ সোমবার ছুটির উল্লেখ রয়েছে WBBSE এর মডেল ছুটির তালিকায়। এরপর নভেম্বরের শেষ ভাগেও ছুটি পেতে পারেন পড়ুয়ারা।
আরও পড়ুন: ‘বিদেশ নয়, CJP-কে টাকা দিচ্ছে বিজেপি’ মহুয়া বলতেই কাঁদলেন সৌরভ দাস
আগামী, 24 নভেম্বর গুরু নানক জয়ন্তী এবং পার্শ্বনাথের রথযাত্রা উপলক্ষ্যে ওই তালিকায় স্কুল ছুটির উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে এদিন বন্ধ থাকতে পারে সরকারি স্কুলগুলি। যদিও অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ছুটি নিয়ে ঘোষণা আসতে পারে নবান্নের তরফে। বলে রাখা প্রয়োজন, CBSE, ICSE এবং অন্যান্য বেসরকারি স্কুলের ছুটি আলাদা হতে পারে। এক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বিজ্ঞপ্তি জারি করে থাকে।