সহেলি মিত্র, কলকাতা: হাতে দুদিনের ছুটি আছে? কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে? তাহলে আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে একের পর এক ঝর্ণা, পাহাড়, জঙ্গল সব পেয়ে যাবেন। কম খরচে এবং কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য পুরুলিয়ার থেকে সেরা অপশন কিছু হতে পারে না। এখানে এলে মনে হবে প্রকৃতি উজাড় করে দিয়েছে। এমন এক জায়গা যেখানে অগুনতি ঝর্ণা, জঙ্গল ও পাহাড়ের মেলবন্ধন দেখতে পাবেন। আজ কথা হবে এই পুরুলিয়ার (Offbeat Purulia) বুকে থাকা এক ভয়ঙ্কর সুন্দর জলাধার নিয়ে যা বিশ্ববিখ্যাত। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ কথা হচ্ছে মুরগুমা ড্যাম (Murguma Dam) নিয়ে।
দুদিনের ছুটিতে ঘুরে আসুন পুরুলিয়ার এই জায়গা থেকে
অযোধ্যা পাহাড়ের (Ayodhya Hill) পাদদেশে অবস্থিত মুরগুমা ড্যাম পাহাড়, জল ও সবুজ প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা একটি মনোরম পর্যটনস্থল। ড্যামটি কংসাবতী নদীর একটি শাখা সাহারাঝোর নদীর ওপর নির্মিত এবং চারপাশে পাহাড়, জঙ্গল ও জলরাশি এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। যারা জল, প্রকৃতি ভালোবাসেন, সর্বোপরি শান্ত পরিবেশ পছন্দ করেন তাঁদের মুরগুমা ভালো লাগবেই। প্রকৃতিপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা হল এটি।
সামনেই আবার শীতকাল রয়েছে। সেইসময়ে এখানে পিকনিক, প্রকৃতি উপভোগ ও পাখি দেখার দারুণ সুযোগ পাবেন আপনি। শহরের যান্ত্রিক ক্লান্তি ভুলে এবার শীতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে অযোধ্যা পাহাড়, মুরগুমা ড্যামের থেকে ভালো কিছু হতে পারে না। এখানে বেশ কিছু হিলটপ রিসোর্ট রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে। পুরুলিয়া শহরের ভিড় এড়াতে এখানকার যে কোনও রিসোর্ট-এ রাত কাটালে আপনার শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে যাবে।
আরও পড়ুন: হাতছানি দিচ্ছে ওড়িশার লুকনো স্বর্গ ‘বারকুল’, সবুজ গাছগাছালি মন ছুঁয়ে যাবে
কী কী দেখবেন?
এখানে আশেপাশে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে। আপার ড্যাম ও লোয়ার ড্যাম, তুরগা ড্যাম ও অপূর্ব তুরগা ফলস, বিখ্যাত বামনি ফলস, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়,মাঠা পাহাড় ও রহস্যময় পাখি পাহাড়, খয়রাবেড়া ড্যাম, গড় পঞ্চকোট ও পাঞ্চেত, বরন্তি লেক ইত্যাদি।
কীভাবে পৌঁছাবেন?
অযোধ্যা, মুরগুমা ড্যাম সহ নানা জায়গা ঘুরে দেখার জন্য আগে আপনাকে হাওড়া থেকে ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে পৌঁছাতে। স্টেশন থেকে বাইরে বেরোলেই ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাবেন, সেখানে দরদাম করে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।