বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ইতিহাস গড়লেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) মেয়েরা। AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মশাল ব্রিগেড। দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে AWCL এর নকআউট পর্বে পৌঁছনোর রেকর্ড গড়ে ফেললো শহরের এই ঐতিহ্যবাহী দলটি। গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে উত্তর কোরিয়ার দল 4.25 স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে 2 গোলে হেরে গিয়েও বড় নজির গড়ে ফেললেন মশাল গার্লসরা।
হেরে গিয়েও বড় কীর্তি ইস্টবেঙ্গলের
AFC উইমেন্স চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পৌঁছনো মোটেই সহজ ছিল না ইস্টবেঙ্গলের পক্ষে। 2026-27 মরসুমে এই লিগের তিনটি গ্রুপের মধ্যে সেরা তৃতীয় স্থনাধিকারী হিসেবে নকআউটে পৌঁছেছে লাল হলুদ। আসলে সেরা তৃতীয় স্থানাধিকারী দলের জায়গা দখল করতে হলে ইস্টবেঙ্গলকে 3 গোলের কম ব্যবধানে হারতে হতো। অর্থাৎ জিতলে ভাল, তবে হারের ক্ষেত্রে 3 গোলের কম ব্যবধানে পরাজয় এড়াতে হতো ইস্টবেঙ্গলকে।
বলাই বাহুল্য, এদিন উত্তর কোরিয়ার দলটির বিরুদ্ধে পুরোপুরি মানসিক প্রস্তুতি নিয়ে নেমেছিল ইস্টবেঙ্গল। তিন গোলের কম ব্যবধানে হার এড়ানোর অঙ্ক মাথায় ছিল লাল হলুদের মেয়েদের। ফলে প্রথমদিকে গোল খেলেও দ্বিতীয়ার্ধের রক্ষণ সামলে খেলেছিল লাল হলুদের নারী বাহিনী। সেই সূত্র ধরেই বিরতির পর কোনও গোল খায়নি ইস্টবেঙ্গল। ফলে 2-0 ব্যবধানে হেরেও শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল।
আরও পড়ুন: ইজরায়েলে শেষ নেতানিয়াহুর রাজত্ব, আইজেনকোটকে সরকার গড়ার ডাক রাষ্ট্রপতির
প্রসঙ্গত, এবছর নকআউটে জায়গা করে ইতিহাস লিখলেও গত মরসুমে শেষ আটের লড়াইয়ে যাওয়ার পথেই গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। যার কারণে একটা আক্ষেপ মনের মধ্যে ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবে এবার সবটাই ঘুচিয়ে দিলেন তাঁরা। ম্যাচ হেরে গেলেও অঙ্ক মিলিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের চেয়ার দখল করল ময়দান প্রধান ইস্টবেঙ্গল। গড়ল নতুন ইতিহাস।