সৌভিক মুখার্জী, কলকাতা: ফের একবার দাপট দেখাল গেরুয়া শিবির। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা ত্রিপুরার নগর স্থানীয় সংস্থার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৭টি আসনে জয়লাভ করল (BJP in Tripura)। জানা গিয়েছে, প্রায় ৬৫টি আসনে বিরোধী বা অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। এমনকি অনেকেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সেই কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন শাসক দলের প্রার্থীদের নির্বাচিত বলে ঘোষণা করেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৭ আসনে জয়লাভ করল বিজেপি
জানা গিয়েছে, পাঁচটি পৌরসভাজুড়ে ৬৫টি আসনে কোনও বিরোধী বা অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা করেনি। আসনগুলির মধ্যে রয়েছে ধলাই জেলার কমলপুর, দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার, পশ্চিম ত্রিপুরার রানির বাজার, জিরানিয়া ও মোহনপুর। সেই কারণেই এই আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির ৬৫ জন প্রার্থী নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন। এছাড়া ধলাই জেলার আমবাসা, খোয়াই জেলার তেলিয়ামুরা এবং সেপাহিজালা জেলার তিনটি পৌরসভায় বিজেপির প্রার্থীরা ১২টি আসন ছিনিয়ে নিয়েছেন।
তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির এই জয়লাভ নিয়ে বিরোধী দলগুলি একাধিক অভিযোগ তুলছে। সিপিআই এবং কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় তাদের নির্বাচনে প্রতিনিধিত্ব করতে বাধা দেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন আর সহিংসতার অভিযোগও তুলেছে। বিরোধী নেতাদের অভিযোগ, শাসক দল অর্থাৎ বিজেপির ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের দলের প্রার্থীদের হুমকি দিয়েছেন। এমনকি বিরোধী প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে ভয় দেখানো হয়েছে। তবে গেরুয়া শিবিরের তরফ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই উড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সপ্তাহের মাঝে ফের বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট
বলে রাখি, রাজ্যের ৮টি জেলাজুড়ে ২১টি নগর স্থানীয় সংস্থার মধ্যে ১৬টিতে আগামী ২৭ নভেম্বর নগর স্থানীয় সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন অন্যতম। তবে সিপিআই এবং কংগ্রেস এর আগে যৌথভাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য একটি সমঝোতায় স্বাক্ষর করেছিল। কিন্তু দুই দলের মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব থাকায় তা চূড়ান্ত হয়নি। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হওয়ায় এখন ২১টি নগর স্থানীয় সংস্থার মোট ৩৪৫টি আসনের মধ্যে বাকি ২৬৮টি আসনে ওই দিন ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন।