অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম (Ramakrishna Mission Ashram) কর্তৃপক্ষ ২০২৭ শিক্ষাবর্ষের জন্য তাদের ‘গদাধর অভ্যুদয় প্রকল্প’ (Gadadhar Abhyudaya Prakalpa)-এর অধীনে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই প্রকল্পের অধীনে ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনের সময়সীমা ও স্থান প্রকাশ করা হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের সমাজকল্যাণমূলক ও শিক্ষামূলক কাজের জন্য সুপরিচিত। এই বিশেষ উদ্যোগটির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক বিকাশের সুযোগ করে দেওয়া।
গদাধর অভ্যুদয় প্রকল্পে ভর্তির যোগ্যতা
এই প্রকল্পে ভর্তির জন্য ১লা জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী, শিশুর বয়স ৬ বছরের বেশি হতে হবে। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রকল্পের অধীনে ভর্তির যোগ্য। উল্লেখ্য, শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের শিশুরা, অর্থাৎ যাদের পারিবারিক মাসিক আয় ৬,০০০ থেকে ৭,০০০ টাকারও কম এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
জানিয়ে রাখি, আবেদন করার জন্য অভিভাবকদের শিক্ষার্থীর বার্থ সার্টিফিকেটের একটি প্রত্যয়িত অনুলিপি এবং একটি সচল ফোন নম্বর নিয়ে গদাধর অভ্যুদয় প্রকল্পের কার্যালয়ে (Medicinal plants Garden) যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া, এই প্রকল্পের অধীনে সন্তানকে ভর্তি করার জন্য অভিভাবকদের আয়ের প্রমাণপত্র বা ইনকাম সার্টিফিকেটন এবং পাসপোর্ট আকারের দুটি ছবি জমা দিতে হবে।
আরও পড়ুন: ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ! পরিকল্পনা সম্পূর্ণা ইমাজিনের পাঁচ মেগা প্রকল্প, কোথায় কোথায়?
জানিয়ে রাখি, গত ২৭ অক্টোবর আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত এটি গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ৮:০০টা থেকে সকাল ১০:০০টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য যেতে হবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের ‘গদাধর অভ্যুদয় প্রকল্প’ কার্যালয়ে, যা মেডিসিনাল প্ল্যান্টস গার্ডেন বা ভেষজ উদ্ভিদ উদ্যান চত্বরে অবস্থিত।