সহেলি মিত্র, কলকাতা: বড় ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বাজি নিয়ে একটি সামান্য বিবাদ রক্তাক্ত ঘটনায় রূপ নেয়। সবথেকে বড় কথা, রাষ্ট্রপতির দেহরক্ষী, যিনি দিওয়ালির ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরপ্রদেশের বাগপতে ঘটে যাওয়া এহেন দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির বাইরে ভাইদের সঙ্গে বাজি ফাটানোর সময়ে অন্য দুই যুবকের সঙ্গে সৌরভ তোমার নামের যুবকের, যে রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে কাজ করেন, বিবাদ হয়। বচসার এক পর্যায়ে, যুবকদের মধ্যে একজন পিস্তল থেকে গুলি চালায় বলে অভিযোগ, যা সৌরভের কানের পেছনে মাথায় লাগে।
গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী!
জানা গিয়েছে, তাঁকে গুরুতর অবস্থায় মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়। সৌরভ বর্তমানে আইসিইউতে রয়েছেন। জমে মানুষে টানাটানি হচ্ছে বলে খবর। পুরো ঘটনাটি ঘটেছে বাগপত জেলার রামলা থানা এলাকার গোপালপুর খাদানা গ্রামে। গ্রামের বাসিন্দা সৌরভ ২০২১ সালে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে যোগ দেন। তিনি বর্তমানে রাষ্ট্রপতি ভবনে কর্মরত। পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপনের জন্য তিনি দুদিন আগেই ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন বলে খবর। রবিবার রাতে তিনি ও তাঁর ভাই বিনীত এবং মিন্টু তাঁদের বাড়ির বাইরের রাস্তায় বাজি পোড়াচ্ছিলেন। এরই মধ্যে, একই গ্রামের ধীরাজ এবং মনু, যিনি প্রবীণ নামেও পরিচিত, সেখানে এসে পৌঁছান। বাজি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
সৌরভের পক্ষ থেকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী ধীরাজ ও মনু আতশবাজিতে আপত্তি জানিয়ে গালিগালাজ শুরু করেন। বিবাদটি দ্রুতই চরমে ওঠে এবং অভিযুক্তরা সৌরভ ও তার ভাইদের ওপর হামলা শুরু করে। অভিযোগ করা হয় যে, এই সময়ে ধীরাজ একটি পিস্তল বের করে গুলি চালায়। গুলিটি দেওয়ালে লেগে ছিটকে গিয়ে সৌরভের কানের পেছনে লাগে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়, ফলে রক্তক্ষরণে সৌরভ মাটিতে পড়ে যান। এই আকস্মিক ঘটনাটি পরিবারে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
আরও পড়ুন: ভাইফোঁটার সকালে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৭ বগি, আহত একাধিক
গুরুতর অভিযোগ পরিবারের
পরিবারের অভিযোগ, সৌরভ গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর ভাই বিনীত ও মিন্টু প্রতিবাদ করে তাকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত দুই ভাইকেও মারধর করে। তাদের হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর পরিবার গুরুতর আহত সৌরভকে দ্রুত বারৌত কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মিরাট মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে, পরিবার তাকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা সৌরভের অস্ত্রোপচার করে তার মাথায় বিদ্ধ গুলিটি বের করেন। গুলি বের করার পরেও তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে আইসিইউতে ভর্তি আছে।
ঘটনাটির খবর পেয়ে পুলিশ বিভাগ নড়েচড়ে বসে। এএসপি প্রবীণ কুমার চৌহান এবং সিও অংশু জৈন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। আহত সৈনিকের বাবা জনক রাজের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ধীরাজ এবং মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে।