বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ উঠল লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাংয়ের বিরুদ্ধে। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ মারফত এক ব্যক্তি নিজেকে লরেন্স গ্যাংয়ের সদস্য বলে দাবি করে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে খুনের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও হত্যার হুমকি দিয়ে 7 কোটি টাকা দাবি করা হয়েছে বলেই খবর। যে ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
কেন খুনের হুমকি?
গোটা ঘটনার সূত্রপাত হয়েছে তিলক নগরের বিধায়ক জারনেল সিংকে ঘিরে। জানা গিয়ে, তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে এক ব্যক্তি ফোন করার পাশাপাশি একটি মেসেজও করেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে লরেন্স গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর মেয়েকে খুনের হুমকি দেন। যা অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে লরেন্সের বিদেশের গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে 7 কোটি টাকা দাবিও করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত 6 নভেম্বর, মোহালির পুলিশের কাছে লিখিতভাবে দায়ের করা এক অভিযোগে জারনেল সিং জানান, 7 কোটি টাকা না দিলে কেজিরিয়াল এবং তাঁর মেয়েকে হত্যা করা হবে বলেই হুমকি বার্তা পেয়েছেন তিনি। গোটা বিষয়টাই পুলিশকে জানানোর পাশাপাশি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান ওই বিধায়ক।
আরও পড়ুন: IPL 2027 শুরুর আগেই অধিনায়ক হয়ে গেলেন KKR তারকা রমণদীপ সিং
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, বিধায়কের অভিযোগের ভিত্তিতে মোহালি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম ইউনিটের আধিকারিক সুনীল কুমারকে। হুমকিদাতার ফোন নম্বর, কল রেকর্ড এবং অন্যান্য ডিজিটাল সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তি আদৌ লরেন্স গ্যাংয়ের সদস্য কিনা বা এই হুমকির পেছনে সত্যিই লরেন্স গ্যাং রয়েছে কিনা তা স্পষ্ট নয়। বিষ্ণোই গ্যাংও এখনও পর্যন্ত এই ঘটনার দায় নেয়নি।