বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর। জনপ্রিয় আন্ডার গার্মেন্টস ও অ্যাথলেজার সংস্থা Page Industries চলতি আর্থিক বছরের দ্বিতীয় অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। Jockey ও Speedo ব্র্যান্ডের লাইসেন্সধারী সংস্থা Page Industries জানিয়েছে, তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ারের সাথে 150 টাকা করে লভ্যাংশ বা ডিভিডেন্ড দেবে। সংস্থাটির বোর্ড 12 নভেম্বর, এই ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
একটি শেয়ার কিনলেই মিলবে 150 টাকা!
সংস্থাটির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যেসব বিনিয়োগকারীরা তাঁদের শেয়ারে আগামী 18 নভেম্বর তারিখের আগে বিনিয়োগ করবেন, তাঁরা প্রত্যেকেই শেয়ার প্রতি 150 টাকা করে লভ্যাংশ বা ডিভিডেন্ড পাবেন। সেক্ষেত্রে সমস্ত বিনিয়োগকারীকে 18 নভেম্বর তারিখের আগেই এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে দিতে হবে। তবেই তাঁরা ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবেন।
জানিয়ে রাখি, কোম্পানিটির তরফে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসের 11 তারিখ, তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে 150 টাকা ডিভিডেন্ড দিয়ে দেবে। এই ঘোষণার পাশাপাশি সংস্থাটি তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলও প্রকাশ করেছে। সেই হিসেবে অনুযায়ী, সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার অপারেশন থেকে আয় বছরে 11.5 শতাংশ বেড়ে 1,439.6 কোটি টাকা হয়েছে। একই সময়ে সংস্থাটির পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে 5.5 শতাংশ।
আরও পড়ুন: ঠাকুরদার সম্পত্তিতে জন্মগত অধিকার রয়েছে নাতি-নাতনিরও? বড় দাবি সুপ্রিম কোর্টের
শুধু তাই নয়, জনপ্রিয় সংস্থাটির EBITDA 7.4 শতাংশ বেড়ে 300.1 কোটি টাকা হয়েছে এবং কর-পরবর্তী মুনাফা প্রায় 4 শতাংশ বেড়ে 202 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করলেও এর শেয়ারের দামে বেশ খানিকটা বদল দেখা গিয়েছে বৃহস্পতিবার। এদিন শেয়ার বাজার খোলার পর সংস্থাটির শেয়ারের দাম 12 শতাংশেরও বেশি কমে 32,059.50 টাকায় বন্ধ হয়।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)