বিক্রম ব্যানার্জী, কলকাতা: একই ব্যাট, একই মানুষ—শুধু মাঝখানে পেরিয়ে গিয়েছে 49 বছরের দীর্ঘ সময়। একেবারে ছেলেবেলায় যে সঙ্গীকে প্রথমবার আঁকড়ে ধরেছিলেন, আজও ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সাথে রয়েছে সে। হ্যাঁ, 49 বছর ধরে নিজের কাছে যত্নে রাখা সঙ্গীকে এবার প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। রবিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি কোলাজ ছবি পোস্ট করেন সচিন। যার একপাশে ছোট্ট সচিনকে একটি ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে বর্তমান মধ্যবয়স্ক তেন্ডুলকর সেই একই ব্যাট হাতে দাঁড়িয়ে।
49 বছরের সঙ্গীকে প্রকাশ্যে আনলেন সচিন তেন্ডুলকর
সচিন তেন্ডুলকর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে কোলাজ শেয়ার করেছেন সেখানে কোঁকড়া চুলে ছোট্ট সচিন দুষ্টু মিষ্টি এক গাল হাসি নিয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পাশের ছবিটিতে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান সময়ের সচিন তেন্ডুলকর। হাতে সেই একটাই ব্যাট। মুখে হাসি। এমন কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার ক্যাপশনে ভারতীয় কিংবদন্তি লিখেছেন, “প্রথম বারের ব্যাট বলে কথা! 49 বছর পরেও সে আমার সঙ্গেই রয়েছে!”
1973 সালের 24 এপ্রিল, মুম্বইয়ের তেন্ডুলকর পরিবারে জন্ম হয়েছিল সচিনের। তার কিছু বছরের মধ্যেই যখন কোনও মতে হাঁটতে চলতে শিখে গিয়েছিল খুদে সচিন, তাঁর হাতে ধরানো হয়েছিল ব্যাট। তখন কে জানত এই ছেলেটাই একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করবে! কেউ কি জানতো এই সচিন একটা দিন এমন সব রেকর্ড গড়বেন যা ছুঁয়ে দেখাটাও কষ্টকর হয়ে যাবে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের পক্ষে। সর্বোপরি ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক হবে সে! কেউ জানতো না!
আরও পড়ুন: তিন ম্যাচেই ব্যর্থ, এমন লজ্জার রেকর্ডে গড়লেন বিরাট কোহলি, যা ভাঙতে চাইবে না কেউ
প্রসঙ্গত, ভারতীয় দলের প্রাক্তন সদস্যের কোলাজ ছবিটি দেখার পর আবেগে ভেসেছেন বহু ক্রিকেট ভক্ত। ওই পোস্টের কমেন্ট বক্সে কেউ লিখছেন, “কে জানতো এই ছোট পুঁচকে বাচ্চাটাই একটা দিন বিশ্বের একজন মহান ক্রিকেটার হয়ে উঠবেন।” কেউ আবার লিখেছেন, “যাই বলুন, আগের সচিনটাই কিন্তু বেশি মিষ্টি।” সব মিলিয়ে ভারতীয় কিংবদন্তির এক পোস্টে আবেগে ভেসেছেন নেট নাগরিকরা।